চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানা পুলিশ বাবার পিছু নিয়ে হারিয়ে যাওয়া পাঁচ বছর বয়সী এক শিশুকে উদ্ধার করে তার পরিবারের কাছে হস্তান্তর করেছে। গত বৃহস্পতিবার রাতে বৃষ্টির মধ্যে একা কাঁদতে থাকা শিশুটিকে এক পথচারী উদ্ধার করে থানায় নিয়ে আসার পর এই উদ্যোগ নেওয়া হয়।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, পারিবারিক কলহের জেরে বৃহস্পতিবার রাত ৯টার দিকে শিশুটির বাবা নগরের বাকলিয়া চাক্তাই এলাকার বাসা থেকে রাগ করে বেরিয়ে যান। বাবার পিছু নিয়ে শিশুটিও ঘর থেকে বের হয়, কিন্তু কিছু দূর যাওয়ার পর সে বাবাকে হারিয়ে ফেলে। পথ হারিয়ে বৃষ্টির মধ্যে ভিজে নগরের সতীশ বাবু লেনে বসে কাঁদছিল শিশুটি। রাত ১১টার দিকে এক পথচারী তাকে উদ্ধার করে কোতোয়ালি থানায় নিয়ে যান।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নুর জানান, থানায় আনার সময় শিশুটি শীতে কাঁপছিল। তাকে দ্রুত প্রাথমিক চিকিৎসা ও শুকনো পোশাক দেওয়া হয়। শিশুটি শুধু মা-বাবার নাম বলতে পারলেও বাসার ঠিকানা বলতে পারছিল না। পরে চট্টগ্রাম মহানগর পুলিশের কমিশনার হাসান মো. শওকত আলী থানায় গিয়ে শিশুটির খোঁজ নেন এবং দ্রুত তার পরিবারকে খুঁজে বের করার নির্দেশ দেন।
পুলিশ শিশুটির ছবি বিভিন্ন থানায় পাঠানোর পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও প্রকাশ করে। শুক্রবার বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি দেখে শিশুটির বাবা-মা থানায় এসে তাকে শনাক্ত করেন। দিনমজুর বাবা জানান, পরিচিত একজনের মাধ্যমে খবর পেয়ে তিনি থানায় ছুটে আসেন। মেয়েকে ফিরে পেয়ে তিনি পুলিশ ও উদ্ধারকারী পথচারীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। শিশুটি স্থানীয় একটি মাদ্রাসার শিশু শ্রেণির শিক্ষার্থী।
চট্টগ্রামে বাবার পিছু নিয়ে হারিয়ে যাওয়া ৫ বছরের শিশুকে উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দিয়েছে কোতোয়ালি থানা পুলিশ। বৃষ্টির রাতে পথ হারানো শিশুটিকে এক পথচারী উদ্ধার করে থানায় নিয়ে যান।



0 মন্তব্যসমূহ