চট্টগ্রামের আনোয়ারায় সাংবাদিক পরিচয়ে ইয়াবা পাচারের সময় ৭ হাজার ৮৪৫ পিস ইয়াবাসহ নুরুল আলম ওরফে মুজাহিদ (৪৩) নামের এক মাদককারবারিকে আটক করেছে র্যাব। বুধবার রাতে উপজেলার সৈয়দ কুচাইয়ার মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক নুরুল আলম কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের রঙ্গীখালী এলাকার আব্দুর রহমানের ছেলে।
র্যাব জানায়, কক্সবাজার থেকে মোটরসাইকেলে করে মাদকের একটি বড় চালান চট্টগ্রামের দিকে আসছে—এমন সংবাদের ভিত্তিতে আনোয়ারা এলপিজি অটো গ্যাস স্টেশন সংলগ্ন এলাকায় অভিযান চালানো হয়। এসময় ‘ডেইলি বাংলাদেশ অবজার্ভার’ স্টিকার লাগানো একটি মোটরসাইকেল তল্লাশি করে ৭ হাজার ৮৪৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। র্যাব-৭-এর সহকারী পরিচালক (মিডিয়া) এ. আর. এম. মোজাফ্ফর হোসেন জানান, জব্দকৃত ইয়াবা ও মোটরসাইকেলসহ আটক ব্যক্তিকে আইনি প্রক্রিয়া শেষে আনোয়ারা থানায় হস্তান্তর করা হয়েছে।
তদন্তে জানা গেছে, আটক মুজাহিদ এর আগেও তিনবার মাদকসহ ধরা পড়েছিলেন। গত বছরের ১৯ আগস্ট চট্টগ্রামের বাঁশখালীতে সাংবাদিক পরিচয়ে ২ হাজার ৪০০ পিস ইয়াবাসহ পুলিশের হাতে আটক হন তিনি। সূত্র মতে, উদ্ধারকৃত ইয়াবার এই চালানটি চট্টগ্রাম শহরে অবস্থানরত টেকনাফের হ্নীলা ইউনিয়নের জুয়েল নামের এক ব্যক্তির কাছে পৌঁছানোর কথা ছিল।
চট্টগ্রামের আনোয়ারায় সাংবাদিক পরিচয়ে ইয়াবা পাচারের সময় ৭ হাজার ৮৪৫ পিস মাদকসহ নুরুল আলম ওরফে মুজাহিদ নামের এক ব্যক্তিকে আটক করেছে র্যাব। এর আগেও তিনি একই কায়দায় মাদকসহ ধরা পড়েছিলেন।



0 মন্তব্যসমূহ