চট্টগ্রামের লোহাগাড়ায় মো. আকসান নামের ছয় বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার দুপুরে উপজেলার আমিরাবাদ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের আবদুর রউফ বাড়ি এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত শিশু আকসান স্থানীয় সুখছড়ী রহমানিয়া আদর্শ দাখিল মাদ্রাসার শিক্ষক ও পুরোনো বিওসি মসজিদের পেশ ইমাম মোরশেদ হোসেনের ছেলে। সে একই মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল। স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে আকসানসহ চার বন্ধু মিলে বাড়ির পাশের একটি মাঠে ফুটবল খেলছিল। মাঠের এক পাশে গোড়ালি পর্যন্ত পানি জমে ছিল। দুপুর একটার দিকে অন্য বন্ধুরা বাড়ি ফিরে গেলেও আকসান একাই সেখানে খেলা চালিয়ে যাচ্ছিল। পরবর্তীতে বেলা দেড়টার দিকে এক পথচারী তাকে মাঠের পানিতে উপুড় হয়ে পড়ে থাকতে দেখে চিৎকার শুরু করেন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে উপজেলা সদরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ জানান, খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
চট্টগ্রামের লোহাগাড়ায় ফুটবল খেলার মাঠে মিলল ছয় বছর বয়সী শিশু আকসানের নিথর দেহ। আমিরাবাদ ইউনিয়নে খেলার সাথীরা চলে যাওয়ার পর পানিতে পড়ে এই দুর্ঘটনা ঘটে। এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।



0 মন্তব্যসমূহ