সারাদেশে ভারী থেকে অতি ভারী বর্ষণের প্রভাবে আগামী ৭২ ঘণ্টার মধ্যে দেশের বেশ কিছু জেলায় স্বল্পমেয়াদি বন্যা দেখা দিতে পারে বলে সতর্কবার্তা দিয়েছে পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। শনিবার (২০ জুন) এক বিশেষ বিজ্ঞপ্তির মাধ্যমে এই আশঙ্কার কথা জানানো হয়। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, আগামী পাঁচ দিন রংপুর, সিলেট ও ময়মনসিংহ বিভাগসহ ভারতের পশ্চিমবঙ্গ, আসাম ও মেঘালয় প্রদেশে ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এর ফলে ব্রহ্মপুত্র ও যমুনা নদীর পানি বাড়লেও তা বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হতে পারে। একইভাবে গঙ্গা ও পদ্মা নদীর পানিও স্থিতিশীল থেকে পরবর্তীতে বাড়ার সম্ভাবনা থাকলেও বিপৎসীমা অতিক্রম করার আশঙ্কা কম। তবে উত্তর-পূর্বাঞ্চলের সুরমা ও কুশিয়ারা নদীর পানি আগামী তিন দিন বৃদ্ধি পেয়ে সিলেট ও সুনামগঞ্জের নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। উত্তরাঞ্চলের তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি বেড়ে নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম ও রংপুরে স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। ময়মনসিংহ বিভাগের সোমেশ্বরী, জিঞ্জিরাম ও কংস নদীর পানি বাড়ার ফলে নেত্রকোণা, ময়মনসিংহ ও শেরপুর জেলার নিচু এলাকাগুলো সাময়িকভাবে প্লাবিত হতে পারে। এছাড়া চট্টগ্রাম বিভাগের মুহুরী ও সাঙ্গু নদীর পানি বাড়লেও হালদা ও মাতামুহুরীসহ অন্যান্য নদীর পানি বর্তমানে কমছে, যা আগামী তিন দিনে আবারও বাড়তে পারে বলে জানিয়েছে সংশ্লিষ্ট দপ্তর।
দেশজুড়ে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। আগামী ৭২ ঘণ্টার মধ্যে দেশের উত্তরাঞ্চল ও উত্তর-পূর্বাঞ্চলের কয়েকটি জেলায় স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে।



0 মন্তব্যসমূহ