মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (২০ জুন) সকালে সরকারি সফরে এসে তিনি এসব উন্নয়ন কর্মকাণ্ডের সূচনা করেন।
সকাল ১১টার দিকে মন্ত্রী গজারিয়া উপজেলার ভবেরচর বাজারে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) কর্তৃক বাস্তবায়িত একটি গ্রামীণ বাজার ভবনের উদ্বোধন করেন। চারতলা ভিত্তিবিশিষ্ট এই দ্বিতল ভবনটি নির্মাণে ব্যয় হয়েছে প্রায় ২ কোটি ৩৫ লাখ ৮৬ হাজার টাকা। ২০২৪ সালের ১ জুলাই এই প্রকল্পের নির্মাণকাজ শুরু হয়েছিল। উদ্বোধন শেষে তিনি বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন।
এরপর মন্ত্রী ব্র্যাক অফিস থেকে ইমামপুর ইউপি (ইউনুস শিকদার) পর্যন্ত সড়ক প্রশস্তকরণ ও উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এই প্রকল্পের আওতায় সড়কটির দুই হাজার মিটার অংশের উন্নয়ন করা হবে। সফরকালে তিনি রসুলপুর বাজার এলাকায় ফুলদি নদীর ওপর প্রস্তাবিত একটি সেতু নির্মাণের নির্ধারিত স্থানটিও পরিদর্শন করেন।
এ সময় মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান রতন, সিলেট-২ আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা, এলজিইডির প্রধান প্রকৌশলী মো. বেলাল হোসেন এবং মুন্সিগঞ্জের জেলা প্রশাসক সৈয়দা নূরমহল আশরা।
মুন্সিগঞ্জের গজারিয়ায় বাজার ভবন উদ্বোধন ও সড়ক উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরিদর্শন করেছেন প্রস্তাবিত সেতু নির্মাণের স্থানও।



0 মন্তব্যসমূহ