ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নের নিমসার এলাকায় ঝটিকা মিছিল করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। রোববার সকাল ৭টার দিকে এই মিছিলটি অনুষ্ঠিত হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এহেতাসামুল হাসান রুমির পৃষ্ঠপোষকতায় বুড়িচং উপজেলা যুবলীগ নেতা জালাল উদ্দিনের নেতৃত্বে এই মিছিলের আয়োজন করা হয়।
যুবলীগ নেতা জালাল উদ্দিন দাবি করেন, দুই শতাধিক নেতাকর্মী নিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নিমসার বাজারের পশ্চিম পাশে তারা মিছিল করেছেন। তবে জানা গেছে, আওয়ামী লীগ ও যুবলীগের নেতাকর্মীরা ভোর থেকেই মহাসড়কে অবস্থান নিতে শুরু করেন এবং সকাল ৭টার দিকে অর্ধশতাধিক নেতাকর্মী নিমসার ও কোরপাই এলাকায় মিছিল করেন।
এই বিষয়ে বুড়িচং উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু নাসের মুন্সী বলেন, আওয়ামী লীগ গোপনে এই মিছিল করেছে। বিষয়টি নিয়ে দলীয় সংসদ সদস্য এবং উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের সঙ্গে বৈঠক করে সিদ্ধান্ত নেওয়া হবে। পাশাপাশি প্রশাসন কেন ব্যবস্থা নিচ্ছে না, তাদের কাছে সে বিষয়ে জানতে চাওয়া হবে।
বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লুৎফুর রহমান জানান, আওয়ামী লীগের নেতাকর্মীরা কোরপাই এলাকায় একত্রিত হওয়ার চেষ্টা করেছিল। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা দ্রুত পালিয়ে যায়। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
কুমিল্লার বুড়িচংয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ঝটিকা মিছিল করেছে আওয়ামী লীগ। রোববার সকালে নিমসার এলাকায় এই মিছিল অনুষ্ঠিত হয়। পুলিশ পৌঁছানোর আগেই নেতাকর্মীরা ঘটনাস্থল ত্যাগ করেন বলে জানা গেছে।



0 মন্তব্যসমূহ