বিশ্বশান্তি রক্ষায় অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশের ৬ জন বীর সেনানীকে মরণোত্তর ‘দাগ হ্যামারশোল্ড মেডেল’ প্রদান করছে জাতিসংঘ। আগামী ৫ জুন জাতিসংঘ সদর দপ্তরে ‘আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস’ উদযাপনের অংশ হিসেবে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে এই সম্মাননা দেওয়া হবে। জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস নিজ হাতে এই পদক তুলে দেবেন। এ বছর বিশ্বজুড়ে মোট ৬৮ জন সামরিক, পুলিশ ও বেসামরিক শান্তিরক্ষীকে এই আন্তর্জাতিক পদকে ভূষিত করা হচ্ছে। সম্মাননা পেতে যাওয়া এই শান্তিরক্ষীদের মধ্যে ৫৯ জনই গত বছর কর্তব্যরত অবস্থায় প্রাণ হারিয়েছেন, যার মধ্যে বাংলাদেশের ৬ জন কৃতি সন্তান রয়েছেন। মরণোত্তর এই পদক পেতে যাওয়া বাংলাদেশের ছয়জন বীর শান্তিরক্ষী হলেন— প্রাইভেট মো. জাহাঙ্গীর আলম, প্রাইভেট মো. সবুজ মিয়া, কর্পোরাল মো. মাসুদ রানা, প্রাইভেট মো. মোমিনুল ইসলাম, প্রাইভেট শামীম রেজা এবং প্রাইভেট শান্ত মন্ডল। এই বীর সেনানীরা আব্বেই অঞ্চলে জাতিসংঘের অন্তর্বর্তীকালীন নিরাপত্তা বাহিনীতে কর্মরত ছিলেন এবং ২০২৫ সালের ১৩ ডিসেম্বর সেখানে একটি আকস্মিক ড্রোন হামলায় নিহত হন।
বিশ্বশান্তি রক্ষায় জীবন উৎসর্গকারী বাংলাদেশের ৬ বীর সেনানীকে মরণোত্তর দাগ হ্যামারশোল্ড মেডেল দিচ্ছে জাতিসংঘ। আগামী ৫ জুন এক বিশেষ অনুষ্ঠানে এই আন্তর্জাতিক সম্মাননা প্রদান করা হবে।



0 মন্তব্যসমূহ