আগামী ২৪ ঘণ্টায় সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা আরও কিছুটা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর ফলে দেশের বেশিরভাগ এলাকায় ভ্যাপসা গরমের দাপট অব্যাহত থাকতে পারে। তবে গরমের এই অস্বস্তির মধ্যেই ঢাকা, চট্টগ্রাম ও সিলেটসহ ৫টি বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে।
রোববার আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্রের দেওয়া ১২০ ঘণ্টার আবহাওয়া বার্তায় জানানো হয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ বর্তমানে পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত অবস্থান করছে। এর প্রভাবে চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ময়মনসিংহ ও ঢাকা বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া এবং বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যান্য অঞ্চলে আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে।
পূর্বাভাস অনুযায়ী, আগামী সোম ও মঙ্গলবার সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে বুধবার থেকে দেশের বৃষ্টিপাতের এলাকা কিছুটা বাড়তে পারে এবং বৃহস্পতিবার বৃষ্টিপাতের প্রবণতা আরও বৃদ্ধি পেয়ে তাপমাত্রা সামান্য কমতে পারে। আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, আগামী ৫ দিনের মধ্যে দক্ষিণ-পশ্চিম মৌসুমীবায়ু বা বর্ষা টেকনাফ উপকূল পর্যন্ত অগ্রসর হতে পারে, যার ফলে দেশের সার্বিক বৃষ্টিপাতের প্রবণতা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে।
সারাদেশে ভ্যাপসা গরমের দাপট অব্যাহত থাকলেও স্বস্তির খবর দিয়েছে আবহাওয়া অফিস। আগামী ২৪ ঘণ্টায় চট্টগ্রামসহ ৫ বিভাগে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জেনে নিন বিস্তারিত আবহাওয়ার খবর।



0 মন্তব্যসমূহ