চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাচন চলাকালে সংবাদ সংগ্রহের সময় হামলার শিকার হয়েছেন চ্যানেল ওয়ানের চট্টগ্রাম ব্যুরো প্রধান শাহনেওয়াজ রিটন ও ক্যামেরাপারসন অমিত দাশ। বৃহস্পতিবার (২১ মে) আদালত প্রাঙ্গণে এই ন্যাক্কারজনক ঘটনার পর চট্টগ্রামের বিভিন্ন সাংবাদিক সংগঠন তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। পৃথক বিবৃতিতে সাংবাদিক নেতারা এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে) এক বিবৃতিতে জানায়, পেশাগত দায়িত্ব পালনরত সাংবাদিকদের ওপর এ ধরনের হামলা গণমাধ্যমের স্বাধীনতার পরিপন্থী এবং আইনের শাসনের প্রতি চরম অবমাননাকর। আদালত প্রাঙ্গণের মতো স্থানে এ ধরনের ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। সিইউজে সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী ও সাধারণ সম্পাদক সবুর শুভ অবিলম্বে হামলাকারীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশন চট্টগ্রাম (টিজেএসি) জানিয়েছে, নির্বাচনী সংবাদ সংগ্রহের সময় সাংবাদিকদের মারধর ও লাঞ্ছিত করার পাশাপাশি ভিডিও ক্যামেরা কেড়ে নেওয়ার চেষ্টাও করা হয়। নির্বাচন কমিশনের কোনো বিধিনিষেধ না থাকা সত্ত্বেও এমন আচরণ কোনোভাবেই কাম্য নয় বলে উল্লেখ করেন সংগঠনটির নেতারা।
এছাড়া চট্টগ্রাম টেলিভিশন রিপোর্টার্স নেটওয়ার্ক (সিটিআরএন) এবং টিভি ক্যামেরা জার্নালিস্টস অ্যাসোসিয়েশন চট্টগ্রাম (টিসিজেএ) পৃথক বিবৃতিতে এই হামলাকে স্বাধীন সাংবাদিকতা ও গণতন্ত্রের জন্য হুমকি হিসেবে অভিহিত করেছে। সাংবাদিক নেতারা ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনি ও সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানিয়েছেন।
চট্টগ্রামে আইনজীবী সমিতির নির্বাচনে সংবাদ সংগ্রহের সময় সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বিভিন্ন সাংবাদিক সংগঠন। অবিলম্বে দোষীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে।



0 মন্তব্যসমূহ