বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জুলাইয়ের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর বাংলাদেশে গণতন্ত্রের পথে হাঁটার এক নতুন সুযোগ তৈরি হয়েছে। ইতোমধ্যে একটি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং সংস্কার কমিশনের গণভোট সম্পন্ন হয়েছে। শুক্রবার দুপুরে ঠাকুরগাঁও জেলা শহরের কালিবাড়ি মির্জা রুহুল আমিন মিলনায়তনে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, বর্তমান সরকার এক ধ্বংসস্তূপের মধ্য দিয়ে দায়িত্ব গ্রহণ করেছে। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে ব্যাংকগুলো খালি করে প্রায় ৮০ লাখ কোটি টাকা লুটপাট করা হয়েছে। ফলে আমাদের একেবারে শূন্য থেকে কাজ শুরু করতে হয়েছে। তিনি আগামী দিনগুলোতে দেশের উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।
সাংবাদিকতাকে একটি অত্যন্ত চ্যালেঞ্জিং পেশা হিসেবে উল্লেখ করে তিনি বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে সংশ্লিষ্ট সকল পক্ষের বক্তব্য নেওয়া জরুরি। বিগত সরকারের সময়ে ৫ শতাধিক সাংবাদিক নির্যাতিত ও শহীদ হয়েছেন বলে তিনি উল্লেখ করেন। এছাড়া বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়ার নেতিবাচক প্রভাব ও রাজনৈতিক চরিত্র হরণের বিষয়েও সাংবাদিকদের সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
মতবিনিময় সভায় জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন, সাধারণ সম্পাদক মো. পয়গাম আলী এবং পৌর বিএনপির সভাপতি মো. শরিফুল ইসলাম শরীফসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জুলাইয়ের গণঅভ্যুত্থান পরবর্তী দেশের পরিস্থিতি ও সাংবাদিকতার চ্যালেঞ্জ নিয়ে ঠাকুরগাঁওয়ে মতবিনিময় করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন ও দেশ গড়ায় সহযোগিতার আহ্বান জানান।



0 মন্তব্যসমূহ