বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর বাংলাদেশে গণতন্ত্রের পথে হাঁটার এক নতুন সুযোগ সৃষ্টি হয়েছে। শুক্রবার দুপুরে ঠাকুরগাঁও জেলা শহরের কালিবাড়ি মির্জা রুহুল আমিন মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, বর্তমান সরকার একটি ধ্বংসস্তূপের মধ্য দিয়ে দায়িত্ব নিয়েছে। আওয়ামী লীগ ও তাদের মন্ত্রীরা ব্যাংকগুলো খালি করে দিয়ে প্রায় ৮০ লাখ কোটি টাকা লুট করে নিয়ে গেছে। ফলে সবকিছু আবার শূন্য থেকে শুরু করতে হয়েছে। তিনি আরও জানান, ইতোমধ্যে দেশে একটি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং তার আগে রি-ফর্ম কমিশনের অধীনে গণভোট সম্পন্ন হয়েছে। গত তিন মাসে উন্নয়নের চেষ্টা করা হয়েছে উল্লেখ করে তিনি আগামী দিনগুলোতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।
সাংবাদিকতা পেশাকে অত্যন্ত চ্যালেঞ্জিং উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, বিগত সরকারের সময়ে সঠিক ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে গিয়ে ৫ শতাধিক সাংবাদিক শহীদ হয়েছেন। এমন কোনো জায়গা নেই যেখানে সাংবাদিকরা নির্যাতিত হননি। তিনি সাংবাদিকদের বস্তুনিষ্ঠতা বজায় রাখার আহ্বান জানিয়ে বলেন, কোনো রিপোর্ট করার আগে সংশ্লিষ্ট পক্ষের বক্তব্য নেওয়া জরুরি।
সোশ্যাল মিডিয়ার প্রভাব নিয়ে তিনি সতর্ক করে বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম এখন অত্যন্ত শক্তিশালী হয়ে উঠেছে। তবে এখানে অনেক সময় রাজনৈতিক ব্যক্তিদের চরিত্র হরণ করা হয়, যা উদ্বেগের বিষয়। মতবিনিময় সভায় জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন, সাধারণ সম্পাদক মো. পয়গাম আলী এবং পৌর বিএনপির সভাপতি মো. শরিফুল ইসলাম শরীফসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর দেশে গণতন্ত্রের নতুন সুযোগ তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঠাকুরগাঁওয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়ে তিনি আওয়ামী লীগের লুটপাট ও সাংবাদিকতার চ্যালেঞ্জ নিয়ে কথা বলেন।



0 মন্তব্যসমূহ