Recents in Beach

ব্রেকিং নিউজ

বাঁশখালীতে বিএডিসির সেতু নির্মাণে অনিয়মের অভিযোগ

বাঁশখালীতে বিএডিসির সেতু নির্মাণে অনিয়মের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের বাঁশখালী উপজেলার কাথারিয়া ইউনিয়নের মধ্যম মানিকপাঠান এলাকায় বিএডিসির একটি সেতু নির্মাণকাজে গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে।

স্থানীয়দের অভিযোগ, বকশিখালের ওপর নির্মাণাধীন সেতুটিতে পাথরের খোয়ার পরিবর্তে ইটের খোয়া ব্যবহার করা হচ্ছে। ব্যবহার করা হচ্ছে তুলনামূলক সরু রড। এমনকি পর্যাপ্ত পানি অপসারণ না করেই পানির মধ্যে চলছে নির্মাণকাজ।

তবে প্রকল্পের অনুমোদিত নকশা ও BOQ হাতে না থাকায় এসব উপকরণ নকশাবহির্ভূত কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। নকশায় নির্ধারিত উপকরণের পরিবর্তে নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হয়ে থাকলে এতে সেতুর স্থায়িত্ব ও নিরাপত্তা ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি সরকারি অর্থের অপচয়ের আশঙ্কা রয়েছে।

নির্মাণকাজের পানি সেচের জন্য মিটার ও অনুমতি ছাড়াই বিদ্যুতের খুঁটি থেকে সংযোগ নেওয়ার অভিযোগও পাওয়া গেছে।

বাঁশখালী পল্লী বিদ্যুৎ অফিসের ডিজিএম আতিকুর রহমান জানান, অবৈধ বিদ্যুৎ সংযোগের খবর পেয়ে তারা ঘটনাস্থল থেকে সরঞ্জাম জব্দ করে ব্যবস্থা নিয়েছেন।

এ বিষয়ে স্থানীয় ৪ নম্বর ওয়ার্ড সদস্য রফিকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, সেতুর কাজ প্রকৌশলীদের বিষয়, কীভাবে কাজ হচ্ছে সেটি তার দেখার বিষয় নয়।

অন্যদিকে অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে বিএডিসি চট্টগ্রামের দায়িত্বপ্রাপ্ত প্রকৌশলী মো. ইকবাল হোসেনকে একাধিকবার ফোন করা হলেও তিনি কল রিসিভ করেননি।

এখন প্রশ্ন হচ্ছে, সেতুটির অনুমোদিত নকশা ও প্রাক্কলনে কী ধরনের নির্মাণসামগ্রী ব্যবহারের কথা রয়েছে? বাস্তবে কি সেই মান বজায় রাখা হচ্ছে? আর অবৈধ বিদ্যুৎ সংযোগ নেওয়ার দায়ই বা কার?

অভিযোগের সত্যতা নিশ্চিত করতে প্রকল্পের নকশা, BOQ, কার্যাদেশ ও ব্যবহৃত নির্মাণসামগ্রীর মান যাচাইয়ের দাবি উঠেছে।

সংক্ষেপে:
বাঁশখালীর কাথারিয়ায় বিএডিসির সেতু নির্মাণে ইটের খোয়া, সরু রড ও পানির মধ্যে কাজের অভিযোগ উঠেছে। অবৈধ বিদ্যুৎ সংযোগের সরঞ্জাম জব্দের পর প্রকল্পের নকশা ও নির্মাণমান যাচাইয়ের দাবি উঠেছে।
বাঁশখালীতে বিএডিসির সেতু নির্মাণে অনিয়মের অভিযোগ

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ