চট্টগ্রামের বাঁশখালী আসনে এক যুগ আগে মারা যাওয়া সাবেক সংসদ সদস্য সুলতানুল কবির চৌধুরীকে চলতি মাসের একটি ঘটনার জেরে করা মামলায় আসামি করার ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বাঁশখালী আদালতে পারভীন আক্তার নামের ৪০ বছর বয়সি এক নারী এই নালিশি মামলাটি দায়ের করেন। মামলায় ১৩ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৩০ জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে ১৩ নম্বর ক্রমিকে মৃত সুলতানুল কবির চৌধুরীর নাম রয়েছে। তবে মামলার বাদী পারভীন আক্তার দাবি করেছেন, আইনজীবীর লেখার ভুলে নামের বানানের কারণে এমনটি হয়েছে। তাঁর দাবি, সুলতানুল কবির চৌধুরীর পরিবর্তে মামলায় সুনতানুল গণি চৌধুরীকে আসামি করার কথা ছিল। পৈত্রিক সম্পত্তি জবরদখলের অভিযোগ এনে তিনি এই মামলা করেন। অন্যদিকে মামলার প্রধান আসামি ইয়াসিন আরাফাত চৌধুরী জানান, মামলার নথিতে উল্লেখিত ঘটনার সময় তিনি শ্রীলঙ্কার কলম্বোতে অবস্থান করছিলেন এবং মৃত ব্যক্তিকে আসামি করা অত্যন্ত হাস্যকর। এর আগে গত শুক্রবার গভীর রাতে বাঁশখালীর সাবেক সংসদ সদস্যের ছোট ভাই ও সাবেক ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সুলতানুল গণি চৌধুরীর মার্কেট জোরপূর্বক দখলের একটি ঘটনা ঘটেছিল। পরবর্তীতে গত সোমবার দুপুরে বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হকের নেতৃত্বে পুলিশি অভিযান পরিচালিত হয় এবং স্থানীয় ব্যবসায়ীদের সহায়তায় দখলদারদের সরিয়ে প্রকৃত ব্যবসায়ীদের কাছে দোকানপাট বুঝিয়ে দেওয়া হয়।
বাঁশখালীতে ১২ বছর আগে মারা যাওয়া সাবেক সংসদ সদস্যকে আসামি করে আদালতে মামলা দায়েরের ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।



0 মন্তব্যসমূহ