প্রশাসনিক কাজে স্বচ্ছতা, নিরপেক্ষতা ও শৃঙ্খলা নিশ্চিত করতে গৃহায়ন ও গণপূর্ত অধিদপ্তরে লটারির মাধ্যমে বদলি প্রক্রিয়া অব্যাহত রয়েছে। এরই অংশ হিসেবে এবার ২৫৪ জন উপ-সহকারী প্রকৌশলীকে (ই/এম) দেশের আটটি বিভাগে একযোগে বদলি ও পদায়ন করা হয়েছে। সোমবার রাজধানীর সেগুনবাগিচায় অবস্থিত পূর্ত ভবনের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এই বদলি প্রক্রিয়ার চূড়ান্ত ফলাফল নির্ধারণ করা হয়। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, লটারির মাধ্যমে ঢাকা বিভাগের বিভিন্ন কার্যালয়ে ১১৯ জন, রাজশাহী বিভাগে ২৭ জন, চট্টগ্রাম বিভাগে ২৭ জন, খুলনা বিভাগে ২৭ জন, বরিশাল বিভাগে ১৩ জন, সিলেট বিভাগে ৮ জন, ময়মনসিংহ বিভাগে ১১ জন এবং রংপুর বিভাগে ২২ জন উপ-সহকারী প্রকৌশলীকে পদায়ন করা হয়েছে। এর আগে গত ৩০ জুলাই একই প্রক্রিয়ায় গণপূর্ত অধিদপ্তরের ৭৬৭ জন সিভিল উপ-সহকারী প্রকৌশলীকে বদলি করা হয়েছিল।
বদলি কার্যক্রমটি সরাসরি সমন্বয় করেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সারোয়ার আলম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী খালেকুজ্জামান চৌধুরী, অতিরিক্ত প্রধান প্রকৌশলী কাজী ফিরোজ হাসান, অতিরিক্ত প্রধান প্রকৌশলী (ই/এম) আশরাফুল হক, যুগ্ম-সচিব মোহাম্মদ মিজানুর রহমান, যুগ্ম-সচিব ফৌজিয়া খান, উপ-সচিব খান নাজমুস শোয়েব এবং উপ-সচিব আবু নাছেরসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
অতিরিক্ত প্রধান প্রকৌশলী আশরাফুল হক জানান, এই অভিনব লটারি পদ্ধতি বদলি ও পদায়নের ক্ষেত্রে স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় রাখতে সহায়ক হবে। বদলি হওয়া কর্মকর্তাদের দ্রুত নিজ নিজ নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশনা দেওয়া হয়েছে।
গণপূর্ত অধিদপ্তরের ২৫৪ জন উপ-সহকারী প্রকৌশলীকে লটারির মাধ্যমে একযোগে বদলি করা হয়েছে। প্রশাসনিক স্বচ্ছতা ও শৃঙ্খলা নিশ্চিত করতে এই অভিনব উদ্যোগ নিয়েছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়।



0 মন্তব্যসমূহ