ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে সরকার গঠনের পর প্রথমবারের মতো চট্টগ্রাম ও কক্সবাজার সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী রবিবার (৯ আগস্ট) একদিনের এই সফরে তিনি বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন, বন্যাদুর্গতদের পুনর্বাসন কার্যক্রমের উদ্বোধন, ধর্মীয় ব্যক্তিত্বদের সঙ্গে সাক্ষাৎ এবং দলীয় সাংগঠনিক সভায় অংশ নেবেন। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ঘোষিত সফরসূচি অনুযায়ী, সকাল ৯টায় তিনি কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ীতে পৌঁছাবেন। সেখানে তিনি মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প এবং মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষের (মিডা) কার্যক্রম পর্যবেক্ষণ করবেন।
এরপর দুপুর ১২টায় হেলিকপ্টারযোগে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাহারছড়া সমুদ্রসৈকত এলাকায় যাবেন প্রধানমন্ত্রী। সেখানে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন কর্মসূচিতে অংশ নিয়ে তিনি ১০০টি গৃহহারা পরিবারের হাতে নতুন ঘরের চাবি হস্তান্তর করবেন। দুপুর ১টায় ফটিকছড়ি উপজেলার আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায় গিয়ে হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন তিনি। পরবর্তীতে হাটহাজারীর আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মঈনুল ইসলাম মাদ্রাসায় গিয়ে মরহুম আল্লামা শাহ আহমদ শফির কবর জিয়ারত করবেন।
বিকেলে হাটহাজারী সরকারি কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে বন্যায় ক্ষতিগ্রস্ত ৩০টি পরিবারকে ঘর নির্মাণের জন্য এক লাখ টাকা করে অনুদান এবং ১৫ জন প্রতিবন্ধী ব্যক্তিকে আর্থিক সহায়তা প্রদান করবেন প্রধানমন্ত্রী। সন্ধ্যায় চট্টগ্রাম নগরীর হোটেল রেডিসন ব্লুতে চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাদের সঙ্গে এক সাংগঠনিক সভায় মিলিত হবেন তিনি। রাত ৯টা ২০ মিনিটে তার ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে।
ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন জানান, সরকার বন্যাদুর্গতদের পুনর্বাসনকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে এবং প্রধানমন্ত্রীর নির্দেশনায় ক্ষতিগ্রস্তদের সহায়তা নিশ্চিত করা হচ্ছে। চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান ও দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব লায়ন হেলাল উদ্দীন জানান, প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে তৃণমূলের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা দিয়েছে। চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শরীফ উদ্দিন জানান, সফরটি নির্বিঘ্ন করতে জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সমন্বিতভাবে কাজ করছে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের চট্টগ্রাম ও কক্সবাজার সফর ঘিরে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। উন্নয়ন প্রকল্প পরিদর্শন ও বন্যাদুর্গতদের মাঝে ঘর ও আর্থিক সহায়তা বিতরণ করবেন তিনি।



0 মন্তব্যসমূহ