সাম্প্রতিক ভয়াবহ বন্যা পরবর্তী পরিস্থিতি বিবেচনায় মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড চট্টগ্রামের অধীনে চলমান এইচএসসি ও সমমানের সব পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) রাতে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির পক্ষ থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।
ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এবং আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি প্রফেসর সৈয়দ আক্তারুজ্জামানের সই করা ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বন্যার পরবর্তী ক্ষয়ক্ষতি, পরীক্ষার্থীদের শারীরিক ও মানসিক অবস্থা এবং ক্ষতিগ্রস্ত রাস্তাঘাটের কারণে যাতায়াতের সমস্যার কথা বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্থগিত হওয়া পরীক্ষার তালিকায় এইচএসসি, আলিম, এইচএসসি (বিএমটি-ভোকেশনাল) এবং ডিপ্লোমা ইন কমার্স অন্তর্ভুক্ত রয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, চট্টগ্রাম শিক্ষা বোর্ড এবং এই বোর্ডের আওতাধীন মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের অবশিষ্ট পরীক্ষাগুলো পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে। তবে চট্টগ্রাম বিভাগের বাইরের অন্যান্য শিক্ষা বোর্ডের পরীক্ষাগুলো পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী যথারীতি অনুষ্ঠিত হবে। স্থগিত হওয়া পরীক্ষার সংশোধিত সময়সূচি পরবর্তীতে বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।
বন্যার কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের অবশিষ্ট পরীক্ষাগুলো অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। পরীক্ষার্থীদের যাতায়াত ও সার্বিক পরিস্থিতি বিবেচনায় এই সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।



0 মন্তব্যসমূহ