নাটোরের নলডাঙ্গায় দীর্ঘ ১৭ বছরের রাজনৈতিক নির্যাতনের শিকার হয়ে ঘরবাড়ি হারিয়ে মাধনগর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের এক নেতা এখন দলীয় কার্যালয়ে আশ্রয় নিয়েছেন। বুধবার (৮ জুলাই) সরেজমিনে দেখা যায়, উপজেলার মাধনগর ৮ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয়ে কাঁথা, বালিশ ও তোশকসহ প্রয়োজনীয় আসবাবপত্র নিয়ে বসবাস করছেন জাহিদুল ইসলাম। তিনি মাধনগর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক এবং বাঁশিলা গ্রামের মো. আক্কাস আলীর ছেলে।
জানা গেছে, জাহিদুল ইসলাম সারাদিনের কাজ শেষে দলীয় কার্যালয়েই খাওয়া-দাওয়া ও রাত্রিযাপন করেন। রোদ-বৃষ্টিসহ সব ধরনের প্রতিকূল পরিস্থিতির মধ্যেও তাকে সেখানেই থাকতে হচ্ছে। দীর্ঘ সময় ধরে বিএনপির রাজনীতির সাথে যুক্ত থাকায় নির্যাতনের মুখে তিনি তার সংসার ও পরিবারের সদস্যদের হারিয়েছেন।
এ বিষয়ে বাঁশিলা ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম খান সিরাজ, মাধনগর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহসভাপতি রায়হান মিনা এবং ছাত্রদল কর্মী শাকিল খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তারা জানান, জাহিদুল ইসলাম অত্যন্ত দলপ্রেমী একজন মানুষ। পরিস্থিতির শিকার হয়ে তিনি দলীয় কার্যালয়ে থাকতে বাধ্য হচ্ছেন। তারা প্রশাসন ও রাজনৈতিক নেতৃবৃন্দের কাছে তার স্থায়ী পুনর্বাসনের দাবি জানান।
ভুক্তভোগী নেতা ও স্থানীয় কণ্ঠশিল্পী জাহিদুল ইসলাম অমি তার দুঃখ প্রকাশ করে বলেন, বছরের পর বছর অন্যের বাড়িতে আশ্রয় নিয়ে থেকেছি। রাজনীতির কারণে আজ আমি পরিবার, স্ত্রী-সন্তান ও পিতাকে হারিয়েছি। কোনো রাজনৈতিক অভিভাবক তার খোঁজ নেননি বলে তিনি আক্ষেপ করেন। তিনি বর্তমানে জীবনধারণের জন্য সরকার প্রধান ও রাজনৈতিক নেতাদের কাছে স্থায়ী ব্যবস্থার দাবি জানিয়েছেন।
নাটোরে রাজনৈতিক নির্যাতনের শিকার হয়ে ঘরবাড়ি হারিয়ে দলীয় কার্যালয়ে আশ্রয় নিয়েছেন স্বেচ্ছাসেবক দল নেতা জাহিদুল ইসলাম। ১৭ বছরের রাজনৈতিক লড়াইয়ে সব হারিয়ে এখন তিনি স্থায়ী আশ্রয়ের দাবি জানাচ্ছেন।



0 মন্তব্যসমূহ