চট্টগ্রামের বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে গণত্রাণ ও তহবিল সংগ্রহ শুরু করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম ব্যাচের (২০২৫-২৬ শিক্ষাবর্ষ) শিক্ষার্থীরা। সোমবার বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) এই কর্মসূচি শুরু হয়। ক্যাম্পাসের বিভিন্ন স্থানে বুথ বসানোর পরিকল্পনা থাকলেও বৃষ্টির কারণে প্রথম দিনে কেবল টিএসসিতে একটি বুথের মাধ্যমে ত্রাণ ও তহবিল সংগ্রহ করা হয়েছে। আয়োজক শিক্ষার্থীরা জানান, সংগৃহীত অর্থ দিয়ে দ্রুততম সময়ের মধ্যে শুকনো খাবার, বিশুদ্ধ পানি, স্যালাইন, পলিথিন ও জরুরি চিকিৎসাসামগ্রী কেনা হবে। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত চট্টগ্রামের শিক্ষার্থী ও স্থানীয় স্বেচ্ছাসেবকদের সমন্বয়ে সরাসরি দুর্গত এলাকায় এসব সামগ্রী পৌঁছে দেওয়া হবে। এই উদ্যোগ সম্পর্কে উদ্ভিদবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী তনয় আহমেদ বলেন, দেশে চলমান দুর্যোগ পরিস্থিতিতে সাধারণ শিক্ষার্থীরা বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। এর ধারাবাহিকতায় ১২ জুলাই থেকে প্রতিটি আবাসিক হল থেকে তহবিল সংগ্রহ শুরু হয়। সোমবার টিএসসি, কলাভবন ও কার্জন হল এলাকায় বুথ বসানোর কথা থাকলেও বৃষ্টির কারণে কেবল টিএসসির বুথটি চালু করা সম্ভব হয়েছে। তিনি আরও জানান, অনলাইনে তহবিল সংগ্রহের হালনাগাদ তথ্য নিয়মিত প্রকাশ করা হচ্ছে। এর আগে রোববার আবাসিক হল ও বিকাশের মাধ্যমে ৭০ হাজার ৪০ টাকা সংগ্রহ করা হয়েছে। আয়োজকরা জানিয়েছেন, মঙ্গলবার বেলা ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ক্যাম্পাসের তিনটি বুথে এই তহবিল সংগ্রহ কার্যক্রম চলবে।
চট্টগ্রামের বন্যাদুর্গতদের সহায়তায় এগিয়ে এসেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। টিএসসিতে বুথ বসিয়ে চলছে গণত্রাণ ও তহবিল সংগ্রহ। সংগৃহীত অর্থে শুকনো খাবার ও ওষুধ পৌঁছে দেওয়া হবে দুর্গত এলাকায়।



0 মন্তব্যসমূহ