জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ফিন্যান্স বিভাগের উদ্যোগে যৌন হয়রানি ও নিপীড়নমুক্ত নিরাপদ ক্যাম্পাস গড়ার লক্ষ্যে একটি বিশেষ সচেতনতামূলক কর্মশালা সম্পন্ন হয়েছে। সোমবার (১৩ জুলাই) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয় যৌন হয়রানি ও নিপীড়ন নিরোধ নীতিমালা-২০২৬’-এর ওপর ভিত্তি করে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ফিন্যান্স বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. বায়েজিদ আলীর সভাপতিত্বে আয়োজিত এই কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রইছ উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে অংশগ্রহণ করেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ড. সাবিনা শরমীন এবং ব্যবসায় শিক্ষা অনুষদের সাবেক ডিন ও জবি শিক্ষক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক ড. মঞ্জুর মোর্শেদ ভূঁইয়া। কর্মশালায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন যৌন নিপীড়ন বিরোধী কমিটির সদস্য ও মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. ফারজানা আহমেদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফিন্যান্স বিভাগের ছাত্র উপদেষ্টা শেখ আলমগীর হোসেন।
সঞ্চালনার সময় শেখ আলমগীর হোসেন বলেন, প্রতিকারের চেয়ে প্রতিরোধই উত্তম, আর সেই লক্ষ্যেই এই সচেতনতামূলক আয়োজন করা হয়েছে যেন কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে। স্বাগত বক্তব্যে বিভাগের ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. নাফিসা রওনক শিক্ষার্থীদের আচরণে সংযত হওয়ার আহ্বান জানিয়ে বলেন, হয়রানি যে কারো সাথেই হতে পারে, তাই সবার সচেতন থাকা জরুরি।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. রইছ উদ্দিন বলেন, পর্যায়ক্রমে বিশ্ববিদ্যালয়ের ৪০টি বিভাগেই এই ধরনের কর্মশালা আয়োজন করা হবে। তিনি আরও জানান, যৌন নিপীড়ন বিরোধী কমিটিকে আরও কার্যকরভাবে পুনর্গঠন করা হবে এবং ক্যাম্পাসে আইনের শাসন প্রতিষ্ঠায় প্রশাসন বদ্ধপরিকর। বিশেষ অতিথির বক্তব্যে ট্রেজারার ড. সাবিনা শরমিন অপরাধের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণের ঘোষণা দেন।
অধ্যাপক ড. মঞ্জুর মোর্শেদ ভূঁইয়া ব্যক্তিগত আক্রোশ থেকে আইনের অপব্যবহার না করার বিষয়ে সতর্ক করেন। সভাপতির বক্তব্যে অধ্যাপক ড. বায়েজিদ আলী শিক্ষার্থীদের নৈতিক উন্নয়ন ও নিরাপত্তায় বিভাগের অগ্রণী ভূমিকা পালনের প্রতিশ্রুতি দেন। কর্মশালা শেষে প্রশ্নোত্তর পর্বে শিক্ষার্থীরা নীতিমালার বিভিন্ন আইনি দিক সম্পর্কে বিস্তারিত অবগত হন।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি ও নিপীড়নমুক্ত নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত করতে বিশেষ সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ফিন্যান্স বিভাগের এই আয়োজনে নিপীড়নের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করা হয়।



0 মন্তব্যসমূহ