জাতীয় সংসদে কুষ্টিয়ার বিভিন্ন এলাকায় নৌ পুলিশের থানা স্থাপনের দাবি জানিয়ে হাস্যরসের জন্ম দিয়েছেন সংরক্ষিত আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য ফরিদা ইয়াসমিন। মঙ্গলবার সংসদ অধিবেশনে সম্পূরক প্রশ্ন করতে গিয়ে তিনি কুষ্টিয়ার দৌলতপুর, মিরপুর, কুমারখালী ও খোকসা অঞ্চলে নদীপথের নিরাপত্তা নিশ্চিত করতে নৌ থানা স্থাপনের প্রয়োজনীয়তা তুলে ধরেন।
বক্তব্যের শুরুতে তিনি পানিসম্পদ মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেও পরে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রীর কাছে নৌ থানা স্থাপনের আবেদন জানান। এ সময় স্পিকার হাফিজউদ্দিন আহমদ প্রশ্ন করেন যে, সংসদ সদস্য আসলেই নৌ থানা চাইছেন কি না। এরপর স্পিকার মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আমিন উর রশিদের উদ্দেশ্যে রসিকতা করে জানতে চান, পুলিশ বিভাগ তার অধীনে কি না।
জবাবে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আমিন উর রশিদ হাসতে হাসতে বলেন, তিনি মুরগি নিয়ে ব্যস্ত আছেন এবং পুলিশ তার নিয়ন্ত্রণে নেই। মন্ত্রীর এমন মন্তব্যে পুরো সংসদে হাসির রোল পড়ে যায়। তবে তিনি যোগ করেন, ওই এলাকায় যদি কেউ সংরক্ষিত মাছ ধরে, তবে তিনি স্বরাষ্ট্রমন্ত্রীকে পুলিশ পাঠানোর অনুরোধ করতে পারেন। এর বাইরে তার কিছু করার নেই বলে জানান তিনি। সবশেষে স্পিকার হাফিজউদ্দিন আহমদ সংসদ সদস্য ফরিদা ইয়াসমিনকে বিষয়টি স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে উত্থাপন করার পরামর্শ দেন।
কুষ্টিয়ায় নৌ থানা স্থাপনের দাবি জানিয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রীকে প্রশ্ন করায় জাতীয় সংসদে হাস্যরসের সৃষ্টি হয়েছে। মন্ত্রী জানান পুলিশ তার অধীনে নয়। স্পিকার তাকে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে যাওয়ার পরামর্শ দেন।



0 মন্তব্যসমূহ