চট্টগ্রাম নগরীতে টানা ভারী বর্ষণে সৃষ্ট জলাবদ্ধতায় পানিবন্দি হয়ে পড়া অসহায় মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি বর্তমানে চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে বন্যাজনিত দুর্যোগ মোকাবিলায় উদ্ধার, ত্রাণ বিতরণ ও পুনর্বাসন কার্যক্রম তদারকির দায়িত্বে রয়েছেন। রবিবার (১২ জুলাই) চান্দগাঁও সিএন্ডবি ও মোহরা এলাকার ক্ষতিগ্রস্ত এলাকাগুলো পরিদর্শন করে তিনি দুর্গতদের খোঁজখবর নেন এবং তাদের হাতে খাদ্যসহ প্রয়োজনীয় সামগ্রী তুলে দেন।
ত্রাণ বিতরণকালে প্রতিমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, সংসদ সদস্য এরশাদ উল্লাহ এবং সংসদ সদস্য সাঈদ আল নোমান। এ সময় প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, দুর্যোগকবলিত মানুষের পাশে দাঁড়ানো সরকারের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্তদের কষ্ট লাঘবে সব ধরনের সহায়তা প্রদান করা হচ্ছে এবং পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই সহযোগিতা অব্যাহত থাকবে।
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন জানান, নগরবাসীর দুর্ভোগ কমাতে সিটি কর্পোরেশন সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করছে। বিভিন্ন ওয়ার্ডে পানিবন্দি মানুষের জন্য খাদ্য, বিশুদ্ধ পানি ও জরুরি সহায়তা নিশ্চিত করা হচ্ছে। তিনি সবাইকে ঐক্যবদ্ধভাবে দুর্যোগ মোকাবিলায় এগিয়ে আসার আহ্বান জানান। সংসদ সদস্য এরশাদ উল্লাহ ও সংসদ সদস্য সাঈদ আল নোমান ক্ষতিগ্রস্তদের প্রতি সহমর্মিতা জানিয়ে পুনর্বাসন কার্যক্রমে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
চট্টগ্রামে টানা ভারী বৃষ্টিতে পানিবন্দি অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেছেন প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত ও মেয়র ডা. শাহাদাত হোসেন। দুর্গতদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন তারা।



0 মন্তব্যসমূহ