বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার হুঁশিয়ারি দিয়ে বলেছেন, বর্তমান সরকার পরিকল্পিতভাবে দেশকে সংঘাতের পথে ঠেলে দিচ্ছে। তিনি সাফ জানিয়ে দেন, জুলাই সনদ বাস্তবায়ন করা না হলে ১১ দলীয় ঐক্য সাধারণ মানুষকে সাথে নিয়ে আবারও রাজপথে আন্দোলনে নামবে।
বৃহস্পতিবার বিকেলে দিনাজপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ‘জুলাই জাতীয় সনদ এবং গণভোট: জনআকাঙ্ক্ষা বাস্তবায়নে সরকারের দায় ও আমাদের করণীয়’ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দিনাজপুর জেলা ১১ দলীয় ঐক্য এই অনুষ্ঠানের আয়োজন করে।
অধ্যাপক গোলাম পরওয়ার বলেন, জুলাই বিপ্লবের পর জনগণের প্রত্যাশা এখনো পূরণ হয়নি। তাই জুলাই সনদের ভিত্তিতেই সংবিধান সংস্কার করা জরুরি। তিনি অভিযোগ করেন, আধিপত্যবাদী দিল্লির মদতে দেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলছে এবং সীমান্তে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করা হচ্ছে। তিনি সরকারকে জাতীয় ঐক্যের ডাক দিয়ে বলেন, আধিপত্যবাদ ও ফ্যাসিবাদের বিরুদ্ধে ১১ দল সরকারকে সহযোগিতা করবে যদি তারা জুলাই সনদ বাস্তবায়নে আন্তরিক হয়। সংবিধান প্রসঙ্গে তিনি বলেন, বিএনপি সংবিধান সংশোধনের কথা বললেও সংস্কার ও সংশোধন এক নয়।
দিনাজপুর জেলা জামায়াতের আমির অধ্যক্ষ আনিসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল এমপি, পাবনা-১ আসনের এমপি ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন এবং জাগপার সহ-সভাপতি প্রকৌশলী রাশেদ প্রধান।
সেমিনারে আরও বক্তব্য রাখেন অধ্যাপক গোলাম রব্বানী এমপি, অধ্যাপক মাওলানা ইকবাল হোসাইন, ফকিহ মাওলানা আব্দুল হাকিম, আনোয়ারুল ইসলাম, আফতাব উদ্দীন মোল্লা, মো. রাজিবুর রহমান পলাশ, শামসুল মুক্তাদির, সৈয়দ ইমরুল কায়েস রুপম, অ্যাডভোকেট মাইনুল আলম, মাওলানা অধ্যক্ষ একেএম আফজালুল আনাম এবং অধ্যাপক ড. শামসুজ্জোহা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা জামায়াতের সেক্রেটারি মুহাদ্দিস ড. এনামুল হক।
জুলাই সনদ বাস্তবায়ন না হলে ১১ দলীয় ঐক্য রাজপথে নামবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, বর্তমান সরকার দেশকে সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে।



0 মন্তব্যসমূহ