চট্টগ্রামের পটিয়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে তৃতীয় ধাপে ‘বন্ধুত্বের উপহার’ পৌঁছে দিয়েছে পটিয়া বন্ধুসভা ও প্রথম আলো ট্রাস্ট। গত ২০ জুলাই উপজেলার বিভিন্ন দুর্গম এলাকায় প্রায় ৮০টি পরিবারের হাতে নিত্যপ্রয়োজনীয় খাদ্য ও স্বাস্থ্য সুরক্ষার সামগ্রী তুলে দেওয়া হয়। স্বেচ্ছাসেবীরা টানা কয়েক দিন ধরে এসব সামগ্রী সংগ্রহ ও প্যাকেটজাত করার পর রাতের আঁধারে দুর্গম জনপদে গিয়ে বিতরণ করেন।
উপহার সামগ্রীর মধ্যে ছিল চাল, আলু, পেঁয়াজ, সয়াবিন তেল, মুড়ি, চিনি, বিস্কুট, খাওয়ার স্যালাইন, নাপা ট্যাবলেট, মশার কয়েল, ডেটল সাবান এবং নারীদের জন্য স্যানিটারি ন্যাপকিন। পটিয়া উপজেলার দক্ষিণ বরিয়া স্লুইসগেট এলাকা, কুরাংগিরি, আলমদারপাড়া, মৌলভীবাড়ি, চাটরা নৌমানিয়া, কচুয়াই ও ভাটিখাইনসহ অন্তত আটটি গ্রামে এই মানবিক সহায়তা পৌঁছে দেওয়া হয়। প্রতিকূল রাস্তা ও জলাবদ্ধতা পেরিয়ে রাত সাড়ে ১১টা পর্যন্ত স্বেচ্ছাসেবীরা এই কার্যক্রম পরিচালনা করেন।
সহায়তা পেয়ে দক্ষিণ বরিয়ার বাসিন্দা সমুদা বেগম জানান, বন্যায় তার মাটির ঘর ভেঙে যাওয়ায় তিনি অন্যের বাড়িতে আশ্রয় নিয়েছেন। প্রতিবন্ধী সন্তান নিয়ে মানবেতর জীবন কাটানোর সময় এই উপহার তার মনে আশার আলো জাগিয়েছে। কুরাংগিরি এলাকার এক বিধবা নারীও এই উদ্যোগের প্রশংসা করে তাদের কৃতজ্ঞতা জানান।
এই মানবিক কার্যক্রমে উপস্থিত ছিলেন প্রথম আলোর পটিয়া প্রতিনিধি ও বন্ধুসভার উপদেষ্টা আবদুর রাজ্জাক, উপদেষ্টা কাজী সোহেল ও প্রান্ত বড়ুয়া চৌধুরী। পটিয়া বন্ধুসভার সভাপতি আইরিন সুলতানা ও সাধারণ সম্পাদক মোকারেম আলীর নেতৃত্বে এতে আরও অংশ নেন বন্ধু সূফি মোহাম্মদ, তানাস চৌধুরী, জেবু চৌধুরী, মো. রাশেদুল্লাহ, আবদুল হাসনাত, আহনাফ হাসনাইন, আবু নয়ন, মিশকাত হোসেন, মারুফ হোসেন, নাফিস উদ্দীন, মো. আসহাব, খাইরুল মোস্তফা, শুভ ধর, মো. নিশান, সাজ্জাদ হোসেন, রানা হামিদ, মো. ওহী, আস–আদ নুর, রবিউল আশিক ও সাইদ আলভি।
পটিয়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত ৮০টি পরিবারের পাশে দাঁড়িয়েছে পটিয়া বন্ধুসভা ও প্রথম আলো ট্রাস্ট। রাতের আঁধারে দুর্গম এলাকায় পৌঁছে দেওয়া হয়েছে খাদ্য ও স্বাস্থ্য সুরক্ষার সামগ্রী।



0 মন্তব্যসমূহ