আসন্ন ঈদুল আজহাকে কেন্দ্র করে সরগরম হয়ে উঠেছে উত্তরাঞ্চলের ঐতিহ্যবাহী ও অন্যতম বড় পশুর হাট বগুড়ার শিবগঞ্জ উপজেলার মহাস্থান হাট। কোরবানির ঈদ সামনে রেখে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ব্যবসায়ী, ব্যাপারী ও সাধারণ ক্রেতারা এই হাটে ভিড় করছেন।
স্থানীয় ক্রেতা ও বিক্রেতারা জানিয়েছেন, মহাস্থান হাট থেকে গরু কিনে ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও ফেনীসহ দেশের বড় বড় শহরের পশুর হাটে সরবরাহ করা হয়। হাটে আসা ক্রেতাদের মতে, এবার এই হাটে বড় গরুর আমদানি বেশি হওয়ায় সেগুলোর দাম তুলনামূলক কম। তবে ছোট ও মাঝারি আকারের গরুর চাহিদা বেশি থাকায় এগুলোর দাম কিছুটা চড়া।
সরেজমিনে দেখা গেছে, খামারি ও বিক্রেতারা ট্রাকযোগে হাটে গরু নিয়ে আসছেন। মহন্ত চন্দ্র সরকার নামে এক খামারি বিক্রির জন্য দুটি শাহিওয়াল জাতের গরু নিয়ে এসেছেন। হাটে বড় গরুর তুলনায় ছোট গরুর প্রতি ক্রেতাদের আগ্রহ বেশি লক্ষ্য করা গেছে। বিক্রেতারা কাঙ্ক্ষিত দাম পাওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন। সব মিলিয়ে ক্রেতা-বিক্রেতার দরদাম আর উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে মহাস্থান পশুর হাটে।
ঈদুল আজহা উপলক্ষে জমে উঠেছে বগুড়ার মহাস্থান পশুর হাট। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ক্রেতা-বিক্রেতাদের ভিড়ে মুখরিত এই হাট থেকে ঢাকা ও চট্টগ্রামসহ বড় শহরগুলোতে গরু সরবরাহ করা হচ্ছে।



0 মন্তব্যসমূহ