কুমিল্লার দেবীদ্বার এলাকায় মহাসড়কের বেহাল দশা ও ক্রমবর্ধমান দুর্ঘটনায় প্রাণহানি রোধে জাতীয় সংসদে আবেগঘন বক্তব্য দিয়েছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। বুধবার (১৫ এপ্রিল) জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনা চলাকালে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি দ্রুত সড়কটি প্রশস্ত করার দাবি জানান।
সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলেন, দেবীদ্বার এলাকার সড়কটি বর্তমানে মৃত্যুর মিছিলে পরিণত হয়েছে। চলতি মাসেই এই সড়কে দুর্ঘটনায় ২৩ জন প্রাণ হারিয়েছেন। তিনি আক্ষেপ করে বলেন, মহাসড়কটি লাইন অব ক্রেডিটের (এলওসি) আওতায় ছয় লেনের হওয়ার কথা থাকলেও বর্তমানে এটি মাত্র ১৮ ফুট প্রশস্ত হয়ে আছে। দীর্ঘ ১০-১২ বছর ধরে এই রাস্তায় কোনো সংস্কার কাজ হচ্ছে না।
অধিবেশনে সভাপতিত্বকারী ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রশাসনিক জটিলতার কথা বললেও কোনো সমাধান মিলছে না। এলাকার মানুষ ক্ষুব্ধ হয়ে আছে। ১০ লাখ মানুষের প্রাণ বাঁচাতে তিনি দ্রুত রাস্তাটি প্রশস্ত করার জন্য সংশ্লিষ্ট মন্ত্রীর প্রতি রুলিং দেওয়ার অনুরোধ জানান।
কুমিল্লার দেবীদ্বারে মহাসড়কে ক্রমবর্ধমান দুর্ঘটনায় প্রাণহানি রোধে সংসদে আবেগঘন বক্তব্য দিয়েছেন এমপি হাসনাত আবদুল্লাহ। ১০ লাখ মানুষের প্রাণ বাঁচাতে দ্রুত সড়কটি প্রশস্ত করার দাবি জানান তিনি।



0 মন্তব্যসমূহ