দেশের ১২টি অঞ্চলে আজ বৃহস্পতিবার সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টিসহ ঝড়ের পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে এসব অঞ্চলের নদীবন্দরগুলোকে এক থেকে দুই নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুকের দেওয়া নদীবন্দর সমূহের পূর্বাভাসে এই তথ্য জানানো হয়।
আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, সন্ধ্যা ছয়টার মধ্যে রংপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল এবং ময়মনসিংহ অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম-উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।
এছাড়া ঢাকা, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, কুমিল্লা এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম-উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে জানানো হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।
অন্যদিকে রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, ঢাকা, টাঙ্গাইল, খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, যশোর, চাদঁপুর ও লক্ষ্মীপুর জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। তবে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
দেশের ১২ অঞ্চলে সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টিসহ তীব্র ঝড়ের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। নদীবন্দরগুলোকে সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। সেই সাথে চট্টগ্রামসহ বিভিন্ন বিভাগে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।



0 মন্তব্যসমূহ