২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে স্লোগান ও প্রচারণা চালিয়ে বাঁশখালীতে মাইকিং করার ঘটনা ঘটেছে। নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ব্যানারে এই মাইকিংয়ের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এলাকায় ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়। পরবর্তীতে পুলিশ এই ঘটনায় ব্যবহৃত একটি সিএনজিচালিত অটোরিকশা জব্দ করেছে।
রোববার বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় তিন মিনিটের একটি ভিডিও ছড়িয়ে পড়ে। ওই ভিডিওতে দেখা যায়, একটি সিএনজিচালিত অটোরিকশায় মাইক যুক্ত করে আগে থেকে রেকর্ড করা বক্তব্য প্রচার করা হচ্ছে। এতে মাইকিং কর্মসূচির আয়োজক হিসেবে ‘বাঁশখালী উপজেলা ছাত্রলীগ, চট্টগ্রাম দক্ষিণ’ সংগঠনের নাম উল্লেখ করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার বেলা দুইটার দিকে বাঁশখালী উপজেলার কাথরিয়া ইউনিয়নের বিভিন্ন সড়কে অটোরিকশাটি নিয়ে মাইকিং করা হয়। বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মাইকের মাধ্যমে শেখ হাসিনার পক্ষে এই প্রচারণা চালানো হয়।
ঘটনার পর সোমবার সকালে মাইকিংয়ের কাজে ব্যবহৃত সিএনজিচালিত অটোরিকশাটি জব্দ করে বাঁশখালী থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করে বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হক জানান, স্লোগান প্রচারের কাজে ব্যবহৃত সিএনজিটি আটক করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা না হলেও জড়িতদের নাম পাওয়া গেছে। জড়িত ব্যক্তিরা কোনো পদবিধারী নেতা কি না—এমন প্রশ্নের জবাবে ওসি বলেন, তারা সিএনজি চালক এবং আটক সিএনজিটির চালকই এই ঘটনার সঙ্গে জড়িত।
এদিকে আয়োজকদের বিষয়ে পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি। তবে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল সোমবার তাঁর ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে উল্লেখ করেন যে, বাঁশখালী উপজেলা ও দক্ষিণ জেলা ছাত্রলীগ নেতা মোহাম্মদ বোরহান উদ্দীনের উদ্যোগে এই মাইকিং করা হয়েছে।
নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ব্যানারে শেখ হাসিনার পক্ষে মাইকিং করার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বাঁশখালীতে ব্যবহৃত অটোরিকশাটি জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় জড়িতদের নাম পাওয়া গেলেও এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি।



0 মন্তব্যসমূহ