চট্টগ্রামের পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিকভাবে পরিদর্শন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন (বকুল)। শনিবার দুপুরে তিনি হাসপাতালটির বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং চিকিৎসাসেবার সার্বিক পরিস্থিতি নিয়ে রোগীদের সঙ্গে কথা বলেন। পরিদর্শনকালে হাসপাতাল কর্তৃপক্ষ মন্ত্রীকে অবহিত করে যে, পটিয়া ছাড়াও বাঁশখালী, চন্দনাইশ, আনোয়ারা ও কর্ণফুলী উপজেলার প্রায় ১১ লাখ মানুষ এই চিকিৎসাকেন্দ্রের ওপর নির্ভরশীল। প্রতিদিন এখানে বহির্বিভাগে হাজারেরও বেশি রোগী চিকিৎসা নেন এবং ১০০ থেকে ১৫০ জন রোগী ভর্তি হন। কর্তৃপক্ষের পক্ষ থেকে মন্ত্রীর কাছে হাসপাতালের নানা সংকট ও সীমাবদ্ধতার বিষয়গুলো তুলে ধরা হয়। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বাস্থ্যমন্ত্রী জানান, বৃহত্তর অঞ্চলের মানুষের মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করতে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে একটি মডেল হাসপাতালে রূপান্তর করার পরিকল্পনা রয়েছে সরকারের। এ সময় তিনি জানান, দেশের ৫০ শয্যার হাসপাতালগুলোকে ১০১ শয্যায় উন্নীত করার পাশাপাশি যেসব এলাকায় হাসপাতাল নেই, সেখানে নতুন করে ১০১ শয্যার হাসপাতাল নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। অগ্রাধিকারের ভিত্তিতে এসব কার্যক্রম বাস্তবায়ন করা হবে বলে তিনি উল্লেখ করেন। পরিদর্শনের সময় মন্ত্রী চিকিৎসকদের উপস্থিতি, বায়োমেডিক্যাল ব্যবস্থা, পরীক্ষা-নিরীক্ষা কার্যক্রম, ওষুধ ও স্যালাইনের সরবরাহ এবং ভর্তি রোগীদের খাবারের মান সম্পর্কে খোঁজখবর নেন। শতভাগ চিকিৎসক উপস্থিত আছেন কি না জানতে চাইলে কর্তৃপক্ষ জানায়, শতভাগ না হলেও অধিকাংশ চিকিৎসক উপস্থিত রয়েছেন। এ সময় চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের সংসদ সদস্য এনামুল হক এনাম বলেন, হাসপাতালটির উন্নয়নের জন্য তারা বিভিন্ন মহলে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। স্বাস্থ্যমন্ত্রী পটিয়া হাসপাতালকে আধুনিক ও সুসজ্জিত করার যে প্রতিশ্রুতি দিয়েছেন, তাতে তারা অত্যন্ত আশাবাদী। চট্টগ্রাম বিভাগের বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সেখ ফজলে রাব্বি জানান, স্বাস্থ্যমন্ত্রী আকস্মিকভাবে এই হাসপাতাল পরিদর্শনে আসেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রামের জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাজেদুর রহমান, পটিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ আবু তৈয়ব, হাসপাতালের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় রাজনৈতিক নেতারা।
চট্টগ্রামের পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। এ সময় তিনি হাসপাতালটিকে মডেল হাসপাতালে রূপান্তর এবং ৫০ শয্যার চিকিৎসাকেন্দ্রগুলোকে ১০১ শয্যায় উন্নীত করার পরিকল্পনার কথা জানান।



0 মন্তব্যসমূহ