Recents in Beach

ব্রেকিং নিউজ

সরকারি প্রতিষ্ঠানে দলীয়করণ ও দুর্নীতির অভিযোগ তুলে তা বন্ধের দাবি জামায়াতের

সরকারি প্রতিষ্ঠানে দলীয়করণ ও দুর্নীতির অভিযোগ তুলে তা বন্ধের দাবি জামায়াতের

সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে দুর্নীতি ও সীমাহীন দলীয়করণের অভিযোগ তুলে তা অবিলম্বে বন্ধের দাবি জানিয়েছে জামায়াতে ইসলামীর চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখা। শনিবার (৩ অক্টোবর) নগরীর বিআইএ মিলনায়তনে অনুষ্ঠিত সংগঠনটির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম মজলিসে শুরার দ্বিতীয় সাধারণ অধিবেশনে এই দাবি জানানো হয়। অধিবেশন থেকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ছয় লেনে উন্নীত করাসহ আনোয়ারা-বাঁশখালী হয়ে এই মহাসড়কের কাজ দ্রুত বাস্তবায়নের দাবি জানানো হয়। এছাড়া খুন, গুম, ধর্ষণ ও চাঁদাবাজিসহ আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে উদ্বেগ প্রকাশ করে তা নিয়ন্ত্রণের দাবি জানানো হয়। কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আমির আনোয়ারুল আলম চৌধুরীর সভাপতিত্বে অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগরীর আমির মুহাম্মদ নজরুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মদ নজরুল ইসলাম অভিযোগ করেন যে, সরকারের দলীয়করণ জনগণকে অতিষ্ঠ করে তুলেছে এবং দলীয় সন্ত্রাসীদের চাঁদাবাজি ও প্রশাসনের দুর্নীতিতে জনজীবন বিপন্ন হয়ে পড়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানে দলীয় লোকদের দায়িত্ব দিয়ে সেগুলোকে দলীয় অফিসে পরিণত করা হচ্ছে এবং প্রতিহিংসার রাজনীতি চর্চা করা হচ্ছে বলে তিনি মন্তব্য করেন। বর্তমান সরকার পতিত স্বৈরশাসকের পথেই হাঁটছে দাবি করে তিনি অতীত থেকে শিক্ষা নিয়ে দলবাজি পরিহার করার আহ্বান জানান। সভাপতির বক্তব্যে আনোয়ারুল আলম চৌধুরী বলেন, সারাদেশে সরকার দলীয় কর্মীদের নৈরাজ্য সরকারকে বেকায়দায় ফেলছে। জুলাই সনদ বাস্তবায়ন না করে তারা নিজেদের পায়ে নিজেরাই কুড়াল মেরেছে মন্তব্য করে তিনি সরকারকে দলীয়করণ ও প্রতিহিংসার রাজনীতি পরিহার করার আহ্বান জানান। জেলা সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা বদরুল হকের সঞ্চালনায় অধিবেশনে আরও বক্তব্য দেন নায়েবে আমির অধ্যাপক মুহাম্মদ নুরুল্লাহ, ড. হেলাল উদ্দীন মুহাম্মদ নোমান, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম, মুহাম্মদ জাকারিয়া, অ্যাডভোকেট আবু নাছের, সাংগঠনিক সেক্রেটারি অধ্যাপক মাহমুদুল হাছান, শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি মাওলানা নুরুল হোছাইন, জেলা কর্মপরিষদ সদস্য ড. মাওলানা আবুল আফিফ, মাওলানা কামাল উদ্দীন, মাওলানা আবুল ফয়েজ, নুরুল হক, অধ্যক্ষ ইসমাইল হক্কানী, ইঞ্জিনিয়ার শহীদুল মোস্তফা এবং আরিফুর রশীদসহ শুরার অন্যান্য সদস্যরা।

সংক্ষেপে:
সরকারি প্রতিষ্ঠানে দুর্নীতি ও দলীয়করণের অভিযোগ তুলে তা বন্ধের দাবি জানিয়েছে জামায়াতে ইসলামীর চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখা।
সরকারি প্রতিষ্ঠানে দলীয়করণ ও দুর্নীতির অভিযোগ তুলে তা বন্ধের দাবি জামায়াতের

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ