জুলাই গণ-অভ্যুত্থান চলাকালে চট্টগ্রামে ওয়াসিমসহ ছয়জনকে হত্যার ঘটনায় দায়েরকৃত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু হচ্ছে। আজ বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে প্রসিকিউশনের সূচনা বক্তব্যের মাধ্যমে এই কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে।
এই মামলায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ ও সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলসহ মোট ২২ জনকে আসামি করা হয়েছে। বর্তমানে পাঁচজন আসামি কারাগারে রয়েছেন। তারা হলেন চট্টগ্রাম-৬ আসনের সাবেক সংসদ সদস্য ফজলে করিম চৌধুরী, যুবলীগ নেতা আজিজুর রহমান, তৌহিদুল ইসলাম, মো. ফিরোজ এবং দেবাশীষ পাল দেবু।
মামলার পলাতক আসামিদের মধ্যে রয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র আ জ ম নাসির উদ্দীন ও রেজাউল করিম চৌধুরী, সাবেক সংসদ সদস্য মহিউদ্দিন বাচ্চু, হেলাল আকবর, নুরুল আজিম রনি, শৈবাল দাশ সুমন, আবু ছালেক, এসবারুল হক, এইচএম মিঠু, নূর মোস্তফা টিনু, জমির উদ্দিন, ইমরান হাসান মাহমুদ, জাকারিয়া দস্তগীর, মহিউদ্দিন ফরহাদ ও সুমন দে।
এর আগে গত ৩০ জুন আদালত ২২ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ প্রদান করেন। একই সঙ্গে সাক্ষ্যগ্রহণের জন্য আজকের দিনটি ধার্য করা হয়েছিল। সেই অনুযায়ী আজ মামলার প্রথম সাক্ষীর সাক্ষ্য প্রদানের মধ্য দিয়ে বিচারিক প্রক্রিয়া এগিয়ে যাবে।
চট্টগ্রামে জুলাই গণ-অভ্যুত্থানে ওয়াসিমসহ ৬ জনকে হত্যার মামলায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ ও নওফেলসহ ২২ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে।



0 মন্তব্যসমূহ