দেশের ব্যাংকিং সেক্টরে এখন থেকে আর কোনো ধরনের রাজনৈতিক হস্তক্ষেপ থাকবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। শুক্রবার চট্টগ্রাম কার্যালয়ের কনফারেন্স রুমে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এই ঘোষণা দেন। ‘এক কোটি কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য: চট্টগ্রাম অঞ্চলের সম্ভাবনা’ শীর্ষক এই সভায় গভর্নর ব্যাংকের অনিয়ম রোধে কঠোর অবস্থান নেওয়ার নির্দেশ দিয়ে বলেন, পরিদর্শকদের প্রতিবেদনে অনিয়মের জন্য সর্বোচ্চ শাস্তির সুপারিশ থাকতে হবে।
আঞ্চলিক অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করতে গভর্নর এসএমই ও গ্রামীণ অর্থনীতিতে ঋণ প্রবাহ বৃদ্ধি, ‘এক গ্রাম, এক পণ্য’ নীতির কার্যকর বাস্তবায়ন, ব্লু-ইকোনমি, আইটি সেক্টর এবং ম্যানমেড ফাইবার শিল্পে দীর্ঘমেয়াদি ও সহজ শর্তে ঋণ সুবিধা প্রদানের নির্দেশনা দেন। এছাড়া প্রবাসী শ্রমিকদের সুনির্দিষ্ট চাহিদার ভিত্তিতে দক্ষ করে বিদেশে পাঠানো এবং প্রবাসী কল্যাণ ব্যাংকের কার্যক্রম জোরদার করার ওপর তিনি গুরুত্বারোপ করেন। ডিজিটাল লেনদেন ত্বরান্বিত করতে বাংলা কিউআর-এর বিস্তার এবং ক্যাশলেস বাংলাদেশ গঠনের আহ্বান জানান তিনি।
সভায় উপস্থাপিত তথ্যে জানানো হয়, চট্টগ্রাম অঞ্চলে বর্তমানে প্রায় ২০০টি শিল্প কারখানা বন্ধ বা বন্ধের উপক্রম অবস্থায় রয়েছে। এর ফলে প্রায় ৫ লাখ কর্মী বেকার এবং ১ লাখ কোটি টাকার খেলাপি ঋণ জমেছে। এসব কারখানা পুনরায় চালু করা গেলে প্রায় ১০ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টি সম্ভব। জাতীয় অর্থনীতিতে চট্টগ্রামের বড় অবদান উল্লেখ করে জানানো হয়, দেশের মোট রেমিট্যান্সের ২৮ শতাংশ, আমদানির ২১ শতাংশ এবং রপ্তানির ১৮ শতাংশ এই অঞ্চল থেকে জোগান দেওয়া হয়।
চট্টগ্রাম অফিসের নির্বাহী পরিচালক মো. হানিফ মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ডেপুটি গভর্নর ড. মো. কবির আহাম্মদ ও প্রধান কার্যালয়ের নির্বাহী পরিচালক মো. সিরাজুল ইসলাম। ডেপুটি গভর্নর ড. মো. কবির আহাম্মদ বিশ্ব অর্থনীতির চ্যালেঞ্জ মোকাবিলায় আঞ্চলিক ব্যাংকিং কার্যক্রম বাড়ানো এবং সম্পদের সুষম বণ্টন নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন। গভর্নর কর্মকর্তাদের পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন এবং বৈদেশিক মুদ্রার সরবরাহ নিশ্চিত করার মাধ্যমে উন্নত সেবা প্রদানের নির্দেশ দেন।
ব্যাংকিং খাতে রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ এবং অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। চট্টগ্রামে এক সভায় তিনি অর্থনৈতিক উন্নয়নের নতুন রূপরেখা তুলে ধরেন।



0 মন্তব্যসমূহ