পার্বত্য অঞ্চলের সকল নাগরিকের সাংবিধানিক অধিকার রক্ষা, মেধার ভিত্তিতে কর্মসংস্থান এবং পাহাড়ে অবৈধ অস্ত্র ও সন্ত্রাস নির্মূলের দাবিতে রাজধানীর শাহবাগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৪ আগস্ট) সকাল সাড়ে ১০টায় সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদের আয়োজনে শাহবাগের শহীদ হাদী চত্বরে এই কর্মসূচি পালন করা হয়।
সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদের প্রধান সমন্বয়ক মো. মোস্তফা আল ইহযাযের সভাপতিত্বে আয়োজিত এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে অংশ নেন ইসলামি আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা কর্নেল (অব.) খন্দকার ফরিদুল আকবর, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ লিগ্যাল এইডের সভাপতি অ্যাডভোকেট পারভেজ তালুকদার, শ্রমিক নেতা বজলুর রহমান বাবলু, ছাত্রনেতা মিজানুর রহমান এবং স্টুডেন্ট ফর সভারেন্টির আহ্বায়ক জিয়া উল হক। এছাড়াও সমাবেশে সাহিদুল ইসলাম, কৃষিবিদ রফিকুল ইসলাম, প্রভাষক নারগিস জুই, যুব নেতা সেলিম রেজা বাচ্চু, শাহপরান সাইম, রোজিনা আক্তার ও তারেক রহমান শাওনসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সমাবেশে সভাপতির বক্তব্যে মো. মোস্তফা আল ইহযায বলেন, পার্বত্য তিন জেলায় স্থায়ীভাবে বসবাসরত বাঙালিদের আয়কর অব্যাহতির সুবিধা থেকে বঞ্চিত রাখা হচ্ছে, যা চরম বৈষম্যমূলক। তিনি উল্লেখ করেন, ১৯৮৪ সালের আয়কর অধ্যাদেশ এবং ২০২৩ সালের আয়কর আইনে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের জন্য করমুক্ত সুবিধার বিধান থাকলেও একই এলাকায় বসবাসকারী বাঙালিরা তা পাচ্ছেন না। এর ফলে অর্থনৈতিক প্রতিযোগিতায় বাঙালি ঠিকাদার ও সাধারণ মানুষ পিছিয়ে পড়ছেন। তিনি আরও জানান, পার্বত্য অঞ্চলের মোট জনসংখ্যার প্রায় ৫০.০৬ শতাংশ বাঙালি হওয়া সত্ত্বেও তারা শিক্ষা, চাকরি ও বিভিন্ন উন্নয়ন প্রকল্পের সুফল থেকে বঞ্চিত হচ্ছেন।
অ্যাডভোকেট পারভেজ তালুকদার পার্বত্য জেলা পরিষদগুলোর ১১ থেকে ২০তম গ্রেডের চাকরিতে শতভাগ মেধাভিত্তিক নিয়োগ নিশ্চিত করা এবং উচ্চশিক্ষায় পার্বত্য বাঙালি শিক্ষার্থীদের জন্য পৃথক কোটা চালুর দাবি জানান। প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক আশরাফ আলী আকন বলেন, পার্বত্য অঞ্চলে ‘আদিবাসী’ শব্দ ব্যবহারের পেছনে গভীর ভূ-রাজনৈতিক ষড়যন্ত্র রয়েছে। তিনি উল্লেখ করেন, ১৯৯৭ সালের পার্বত্য চুক্তিতে ‘উপজাতি’ শব্দটি স্পষ্টভাবে ব্যবহৃত হয়েছে। আন্তর্জাতিক আইনের দোহাই দিয়ে দেশের সার্বভৌমত্ব ও জাতীয় নিরাপত্তা বিনষ্টের যেকোনো অপচেষ্টা রুখে দেওয়ার আহ্বান জানান তিনি। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল শাহবাগের হাদী চত্বর থেকে রাজু ভাস্কর্য পর্যন্ত প্রদক্ষিণ করে।
পার্বত্য চট্টগ্রামে সকল জনগোষ্ঠীর সাংবিধানিক অধিকার নিশ্চিত ও সন্ত্রাস দমনের দাবিতে শাহবাগে বিক্ষোভ সমাবেশ করেছে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। সমাবেশে বক্তারা পাহাড়ে বৈষম্য দূর করার দাবি জানান।



0 মন্তব্যসমূহ