চট্টগ্রামের পটিয়ায় বাইকার সেজে ইয়াবা পাচারের সময় বড় ধরনের একটি মাদক চালান জব্দ করেছে র্যাব-৭। বৃহস্পতিবার সকালে পটিয়া পৌরসভার সরকারি কলেজ ও ডাকবাংলো এলাকায় বিশেষ তল্লাশি চৌকি বসিয়ে ১ লাখ পিস ইয়াবাসহ ৬ জন সংঘবদ্ধ মাদকপাচারকারীকে আটক করা হয়। অভিযানে মাদক পরিবহনে ব্যবহৃত পাঁচটি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে।
আটককৃতরা হলেন- বশির (৩৭), হোসেন (৩৭), বেলাল উদ্দিন (৩২), নুরুল মোস্তফা (৩৮), সাইফুল ইসলাম (২৪) ও হাসান (৩৯)।
র্যাব-৭ এর সিপিসি-৩ (বহদ্দারহাট) কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মো. তাওহিদুল ইসলাম অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, কক্সবাজার থেকে মোটরসাইকেলে করে ইয়াবার একটি বড় চালান চট্টগ্রামের দিকে আসছে এমন গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা নজরদারি শুরু করে র্যাব। পাচারের বিষয়টি নিশ্চিত হওয়ার পর পটিয়া এলাকায় সড়ক তল্লাশি চৌকি বসানো হয়। প্রথমে চক্রের একজনকে আটক করার পর তার দেওয়া তথ্যের ভিত্তিতে বাকি সদস্যদের গ্রেপ্তার করা হয়। এসময় বাইকের বিভিন্ন অংশে কৌশলে লুকিয়ে রাখা ১ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
র্যাব-৭ এর সহকারী পরিচালক (গণমাধ্যম) এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, আটককৃতরা একটি সংঘবদ্ধ বাইকার গ্যাংয়ের সদস্য। তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে জব্দকৃত মাদক ও মোটরসাইকেলসহ পটিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
চট্টগ্রামের পটিয়ায় বাইকার সেজে ইয়াবা পাচারের সময় ১ লাখ পিস ইয়াবাসহ ৬ মাদকপাচারকারীকে আটক করেছে র্যাব-৭। অভিযানে ৫টি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। আটককৃতদের পটিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।



0 মন্তব্যসমূহ