ইসলামী ছাত্রশিবিরের সভাপতি নুরুল ইসলাম সাদ্দামের সাম্প্রতিক বক্তব্যকে শিক্ষাঙ্গনে সহিংসতার প্রকাশ্য উসকানি হিসেবে অভিহিত করেছেন জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন। বুধবার বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এই মন্তব্য করেন।
এর আগে সকালে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত এক গণজমায়েতে ছাত্রশিবিরের সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম বলেন, ছাত্রদলের সন্ত্রাসীদের লাগাম না ধরলে এবং বিএনপি তাদের টোকাই বাহিনীর লাগাম টেনে না ধরলে, তারা প্রতিরোধ গড়ে তুললে কোনো ক্যাম্পাসে ছাত্রদল ১০ মিনিটও টিকতে পারবে না।
এই বক্তব্যের কড়া সমালোচনা করে ছাত্রদল সাধারণ সম্পাদক নাছির উদ্দীন ফেসবুকে লেখেন, যারা ফ্যাসিবাদী শাসনের সময় আত্মগোপনে ছিল এবং ছাত্রলীগের ছত্রচ্ছায়ায় থেকে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রেখেছে, তাদের শক্তির আস্ফালন হাস্যকর। তিনি অভিযোগ করেন, শিক্ষাঙ্গনকে অস্থিতিশীল করার পুরোনো কৌশলের অংশ হিসেবেই এই ধরনের উসকানিমূলক বক্তব্য দেওয়া হচ্ছে।
নাছির উদ্দীন আরও উল্লেখ করেন, ঢাকা থেকে উসকানি দিয়ে রাজশাহী, রংপুর ও চট্টগ্রামের ক্যাম্পাসগুলোতে সন্ত্রাসী মহড়া ও ত্রাসের রাজত্ব সৃষ্টি করা হয়েছে। তবে শিক্ষার্থীরা এখন সচেতন এবং তারা এসব প্রতিরোধ করতে শুরু করেছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, কোনো ধরনের হুমকি বা উসকানির মাধ্যমে আধিপত্য বিস্তারের চেষ্টা শিক্ষার্থীরা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করবে। ছাত্রদল সবসময় শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার ও শান্তিপূর্ণ সহাবস্থানে বিশ্বাসী বলেও তিনি দাবি করেন।
ছাত্রশিবির সভাপতির বক্তব্যকে সহিংসতার উসকানি বলে মন্তব্য করেছেন ছাত্রদল সাধারণ সম্পাদক নাছির উদ্দীন। তিনি বলেন, শিক্ষাঙ্গনে অস্থিতিশীলতা সৃষ্টির যেকোনো অপচেষ্টা শিক্ষার্থীরা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করবে।



0 মন্তব্যসমূহ