সরকারি ক্রয় প্রক্রিয়াকে আরও শক্তিশালী ও স্বচ্ছ করার লক্ষ্যে বিশেষ কমিটি পুনর্গঠন করেছে সরকার। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে রবিবার জারি করা এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে। পুনর্গঠিত এই কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
এই কমিটির প্রধান কাজ হবে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি এবং সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির জন্য সুনির্দিষ্ট কার্যপদ্ধতি নির্ধারণ করা। এছাড়া পাবলিক প্রকিউরমেন্ট আইন (পিপিএ) ২০০৬ এবং পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা (পিপিআর) ২০২৫ পর্যালোচনা করে সেগুলোকে আরও যুগোপযোগী করার সুপারিশ করবে এই কমিটি।
কমিটির সদস্য হিসেবে রয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ; শিল্প, বস্ত্র ও পাট এবং বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির; জনপ্রশাসন মন্ত্রণালয় উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ; নৌপরিবহন এবং সেতু প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। এছাড়াও কমিটিতে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি, অর্থ সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার এবং বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটির প্রধান নির্বাহী কর্মকর্তা এস. এম. মঈন উদ্দীন আহমেদ।
সরকারি ক্রয় কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করতে কমিটি পুনর্গঠন করেছে সরকার। আইনমন্ত্রী মো. আসাদুজ্জামানকে এই কমিটির সভাপতি করা হয়েছে। কমিটিতে আরও রয়েছেন গুরুত্বপূর্ণ মন্ত্রী ও সচিবরা।



0 মন্তব্যসমূহ