চট্টগ্রামের সাতকানিয়ায় বন্যাকবলিত বিভিন্ন এলাকা পরিদর্শন এবং ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রাণ ও নগদ অর্থ সহায়তা প্রদান করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। শুক্রবার সকালে এসব কার্যক্রম পরিচালনার সময় তিনি বলেন, তিনি এখানে রাজনীতি করতে আসেননি বরং বিপন্ন মানুষের পাশে দাঁড়াতে এসেছেন। তিনি উল্লেখ করেন, মানুষের প্রকৃত দুর্ভোগ কেবল কাগজে-কলমে বা রিপোর্টে বোঝা সম্ভব নয়, এটি সরেজমিনে মাঠে না দেখলে সেই যন্ত্রণা অনুভব করা যায় না।
টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে দক্ষিণ চট্টগ্রামের মানুষের মানবেতর জীবনযাপন প্রত্যক্ষ করতে এবং তাদের সহায়তা দিতেই এই সফর বলে জানান জামায়াত আমির। তিনি আরও জানান, গত বৃহস্পতিবার জাতীয় সংসদে বিরোধী দলের পক্ষ থেকে চট্টগ্রামের এই বন্যা পরিস্থিতি তুলে ধরা হয়েছে এবং সরকারের পক্ষ থেকেও এ নিয়ে বিবৃতি দেওয়া হয়েছে। এসময় তিনি সরকারের প্রতি উদ্ধার তৎপরতা আরও জোরদার করার আহ্বান জানান। একইসঙ্গে ক্ষতিগ্রস্তদের দ্রুত পুনর্বাসন নিশ্চিত করা এবং পর্যাপ্ত ত্রাণ সরবরাহের ওপর গুরুত্বারোপ করেন তিনি। বিশেষ করে শিশু, নারী, বৃদ্ধ ও অসুস্থ মানুষের সহায়তায় অগ্রাধিকার দেওয়ার তাগিদ দেন তিনি।
সাম্প্রতিক বন্যা ও পাহাড়ধসে যারা প্রাণ হারিয়েছেন, তাদের প্রতি গভীর শোক প্রকাশ করে ডা. শফিকুর রহমান নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন। পরিদর্শনকালে তার সঙ্গে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ শাহজাহান, সংসদীয় পার্টির সেক্রেটারি ও সাতকানিয়া-লোহাগাড়া আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী, চট্টগ্রাম মহানগর আমির নজরুল ইসলাম, চট্টগ্রাম অঞ্চলের টিম সদস্য জাফর সাদেক, চট্টগ্রাম দক্ষিণ জেলা আমির আনোয়ারুল আলম এবং উত্তর জেলা আমির আলাউদ্দিন সিকদারসহ কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ।
চট্টগ্রামের সাতকানিয়ায় বন্যাকবলিত এলাকা পরিদর্শন ও ত্রাণ বিতরণ করেছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, রাজনীতি নয় বরং বিপন্ন মানুষের পাশে দাঁড়াতেই তার এই সফর।
-6a50b91b3c8de.webp)


0 মন্তব্যসমূহ