বরিশালে ১১-দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশকে কেন্দ্র করে শনিবার (১৮ জুলাই) নগরীতে মানুষের ঢল নেমেছে। বৈরী আবহাওয়া এবং উত্তাল নদীর প্রতিকূলতা উপেক্ষা করে দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলা থেকে হাজার হাজার মানুষ এই সমাবেশে যোগ দেন। সকাল থেকেই সড়ক ও নৌপথে আসা মানুষের উপস্থিতিতে বরিশাল নগরী এক জনসমুদ্রে পরিণত হয়।
সমাবেশস্থল হেমায়েত উদ্দিন কেন্দ্রীয় ঈদগাহ ময়দান দুপুরের আগেই পূর্ণ হয়ে যাওয়ায় কয়েক হাজার মানুষ আশপাশের রাস্তায় দাঁড়িয়ে বড় পর্দায় নেতাদের বক্তব্য শোনেন। ভোলা, চরফ্যাশন, মনপুরা, বাউফল, হিজলা ও মেহেন্দিগঞ্জসহ উপকূলীয় এলাকা থেকে মানুষ লঞ্চ ও ট্রলারে করে বরিশালে পৌঁছান। এছাড়া পিরোজপুর, বরগুনা, পটুয়াখালী ও ঝালকাঠি থেকে শত শত বাস, ট্রাক ও মাইক্রোবাসে করে নেতাকর্মীরা নগরীতে আসেন। সমাবেশে অংশগ্রহণকারীরা ‘গণভোটের রায় বাস্তবায়ন’ এবং ‘হাদী হত্যার বিচার’ দাবিতে স্লোগান দেন।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মুয়াজ্জম হোসেন হেলালের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি। সমাবেশে আরও উপস্থিত ছিলেন এলডিপি চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
বক্তব্য রাখেন শায়খুল হাদিস আল্লামা মামুনুল হক, মুজিবুর রহমান মঞ্জু এবং ড. মুহাম্মদ শফিকুল ইসলাম মাসুদসহ ১১-দলীয় ঐক্যের কেন্দ্রীয় ও বিভাগীয় নেতৃবৃন্দ। আয়োজক দলের মিডিয়া সমন্বয়ক বায়েজিদ বোস্তামী জানান, বিপুল জনসমাগমের কারণে তিল ধারণের জায়গা ছিল না। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্বেচ্ছাসেবকদের তৎপরতায় ট্রাফিক ও নিরাপত্তা ব্যবস্থা সুশৃঙ্খল ছিল।
বরিশালে ১১-দলীয় ঐক্যের সমাবেশে মানুষের ঢল। বৈরী আবহাওয়া ও উত্তাল নদী উপেক্ষা করে দক্ষিণাঞ্চলের হাজার হাজার মানুষ যোগ দিয়েছেন এই বিভাগীয় সমাবেশে। রাজপথ এখন স্লোগানে মুখর।



0 মন্তব্যসমূহ