পরিবেশ সংরক্ষণ, গবেষণা ও সচেতনতা বৃদ্ধিতে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে তিন ব্যক্তি ও তিন প্রতিষ্ঠানকে ‘জাতীয় পরিবেশ পদক-২০২৫’ প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিশ্ব পরিবেশ দিবস-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে এই পদক তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তার বক্তব্যে ঢাকার পরিবেশগত অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি উল্লেখ করেন, গণমাধ্যমের তথ্য অনুযায়ী ঢাকা বর্তমানে বসবাসের অযোগ্য শহরের তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে, যা অত্যন্ত দুঃখজনক। এই পরিস্থিতি পরিবর্তনের জন্য জনগণের মধ্যে পরিবেশ বিষয়ক সচেতনতা বাড়ানোকে বড় দায়িত্ব হিসেবে অভিহিত করেন তিনি।
ব্যক্তিগত পর্যায়ে পরিবেশ সংরক্ষণ ও দূষণ নিয়ন্ত্রণ ক্যাটাগরিতে পদক পেয়েছেন আলহাজ ফরহাদ আলী মেমোরিয়াল ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মো. হাসমত আলী। পরিবেশবিষয়ক শিক্ষা ও প্রচার ক্যাটাগরিতে পদক লাভ করেছেন মো. মনির হোসেন। এছাড়া গবেষণা ও প্রযুক্তি উদ্ভাবন ক্যাটাগরিতে পদক পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) ও রসায়ন বিভাগের অধ্যাপক ড. আব্দুস সালাম।
প্রাতিষ্ঠানিক পর্যায়ে পরিবেশ সংরক্ষণ ও দূষণ নিয়ন্ত্রণ ক্যাটাগরিতে ক্লাসিক্যাল হ্যান্ডমেইড প্রোডাক্টস বিডি লিমিটেড এবং শিক্ষা ও প্রচার ক্যাটাগরিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস পদক অর্জন করেছে। গবেষণা ও প্রযুক্তি উদ্ভাবন ক্যাটাগরিতে পুরস্কৃত হয়েছে বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টুর সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী সাইমুম পারভেজ এবং ভারপ্রাপ্ত সচিব ফাহমিদা খানম।
জাতীয় পরিবেশ পদক ২০২৫ প্রদান করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অনুষ্ঠানে তিনি ঢাকাকে বাসযোগ্য করতে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়সহ মোট ৬টি ব্যক্তি ও প্রতিষ্ঠান এ পদক পেয়েছে।



0 মন্তব্যসমূহ