চট্টগ্রাম মহানগরীর চকবাজার এলাকায় ডিজিটাল ডট নেট (ডিডিএন) নামক ইন্টারনেট সেবা প্রদানকারী প্রতিষ্ঠানে চাঁদা দাবির জেরে সংঘটিত হামলা ও লুটপাটের ঘটনায় জড়িত আরও ১০ জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ ও র্যাব-৭ পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। অভিযানে হামলাকারীদের পরিবহনে ব্যবহৃত একটি অ্যাম্বুলেন্স জব্দ এবং ৪টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
চকবাজার থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম জেলার রাউজান এলাকায় অভিযান চালিয়ে হামলাকারীদের বহনকারী অ্যাম্বুলেন্সটি জব্দ করা হয়। এসময় গাড়িটির চালক মোঃ মহিউদ্দিন (৩১)-কে গ্রেফতার করা হয়। তিনি রাউজানের ১২ নং উরকিরচর ইউনিয়নের মৃত মোঃ শরিকের ছেলে।
এদিকে রবিবার (১৯ জুলাই) র্যাব-৭ সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে ঘটনার সাথে জড়িত আরও ৯ জনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন- মোঃ তুহিন (২২), আকবর হোসেন (৩৮), মোঃ আব্দুল মুমিন (৩০), রোহেন মিয়া প্রকাশ মাইক্যাল (৩১), মোঃ মাসাদ মিয়া (২৭), মোঃ দিদার মিয়া (২২), মোঃ সানজাত হাসান (১৮), সৈরত হোসেন (১৮) এবং মোঃ সাইফুদ্দিন (৩২)।
র্যাব-৭ আয়োজিত এক সংবাদ সম্মেলনে জানানো হয়, ২ কোটি টাকা চাঁদা দাবির জেরে ডিডিএন প্রতিষ্ঠানে এই সন্ত্রাসী হামলা ও লুটপাটের ঘটনা ঘটে। গ্রেফতারকৃত আসামিদের ইতোমধ্যে আদালতে সোপর্দ করা হয়েছে। আলোচিত এই ঘটনায় চকবাজার থানা পুলিশ, সিএনপি ও র্যাব-৭ এর যৌথ তৎপরতায় এ পর্যন্ত সর্বমোট ২২ জন আসামিকে গ্রেফতার করা সম্ভব হয়েছে। মামলার তদন্ত ও অন্যান্য জড়িতদের শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে বলে জানানো হয়।
চট্টগ্রামে ডিডিএন ইন্টারনেট প্রতিষ্ঠানে হামলা ও লুটপাটের ঘটনায় অ্যাম্বুলেন্স চালকসহ আরও ১০ জনকে গ্রেফতার করেছে পুলিশ ও র্যাব। অভিযানে ৪টি অস্ত্র ও হামলাকারীদের ব্যবহৃত অ্যাম্বুলেন্সটি জব্দ করা হয়েছে।



0 মন্তব্যসমূহ