Recents in Beach

ব্রেকিং নিউজ

গজারিয়ায় ঠিকাদারি প্রতিষ্ঠানে দুর্ধর্ষ ডাকাতি: ১৯ জন গ্রেপ্তারসহ বিপুল পরিমাণ মালামাল উদ্ধার

গজারিয়ায় ঠিকাদারি প্রতিষ্ঠানে দুর্ধর্ষ ডাকাতি: ১৯ জন গ্রেপ্তারসহ বিপুল পরিমাণ মালামাল উদ্ধার

মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার বালুয়াকান্দি মুসলিমনগর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন ঠিকাদারি প্রতিষ্ঠান ‘দ্যা জিয়া অ্যান্ড ব্রাদার্স’-এর স্টোর ও স্ট্যাক ইয়ার্ডে সংঘটিত ডাকাতির ঘটনায় এ পর্যন্ত ১৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (১৯ জুলাই) বিকেলে মুন্সিগঞ্জ জেলা পুলিশ লাইন্সে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মো. মেনহাজুল আলম এ তথ্য নিশ্চিত করেন। অভিযানে ডাকাতির কাজে ব্যবহৃত দুটি ট্রাক জব্দ এবং বিপুল পরিমাণ লুণ্ঠিত মালামাল উদ্ধার করা হয়েছে।

পুলিশ সুপার জানান, গত ১১ জুলাই দিবাগত রাত আনুমানিক ২টার দিকে ৩ থেকে ৪ জন সশস্ত্র ডাকাত ওই প্রতিষ্ঠানে প্রবেশ করে। তারা দায়িত্বরত নিরাপত্তাকর্মীদের অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা ও চোখ বেঁধে একটি কনটেইনার কক্ষে আটকে রাখে। এরপর কনস্ট্রাকশন সাইট থেকে প্রায় ৪০ থেকে ৫০ লাখ টাকার মালামাল ট্রাকে তুলে নিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে গজারিয়া থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে।

তদন্তের ধারাবাহিকতায় সিসিটিভি ফুটেজ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুলিশ প্রথমে একটি হলুদ রঙের ট্রাক শনাক্ত করে এবং এর মালিকসহ কয়েকজনকে গ্রেপ্তার করে। পরবর্তীতে ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে দ্বিতীয় ট্রাকটি জব্দ ও এর চালককে গ্রেপ্তার করা হয়। পুলিশি তদন্তে বেরিয়ে আসে যে, ভাঙারি ব্যবসায়ী শাওন, সজল ও রিয়াজুলের পরিকল্পনায় দুটি পৃথক গ্রুপ এই ডাকাতি সংঘটিত করেছে।

গ্রেপ্তারকৃত ১৯ জন হলেন— মঈন উদ্দিন (৪৫), ছোটন (৩০), রিয়াজুল ইসলাম (২৬), আবুল খায়ের (৪০), শাহ আলম (২৩), রনি শিকদার (৩৪), মেহেদী হাসান (৩৮), মনোরঞ্জন দাস (২৭), মো. আল আমিন সানা (১৯), অলোকেশ মণ্ডল (৩৫), সারাফত উদ্দিন সুমন (২৪), অলিউর রহমান (২৪), জামাল (৪০), মৃদুল আহম্মেদ তুষার (২৬), সজল হোসেন (৩০), আরিফ (৪০), মিরাজ (৪০), আলী (৪০) এবং রফিক (৩৩)।

অভিযানে উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে দুটি ট্রাক, চারটি ব্যাটারি, ১০টি ফ্যান, একটি পাওয়ার সাপ্লাই, দুটি মোটর, দুটি ডায়নামো, একটি ৩০ হর্স পাওয়ার মোটর, একটি চায়না ডিজেল ইঞ্জিন, একটি মিগ ওয়েল্ডিং মেশিন, একটি হাইড্রোলিক রড কাটার মেশিন, একটি ডিবি বোর্ড, পাঁচটি ওয়েল্ডিং মেশিন, একটি হাইড্রোলিক পাম্প, একটি এসি মেশিন এবং প্রায় সাড়ে পাঁচ টন লোহার সামগ্রী। পুলিশ জানায়, এই চক্রে মোট ২৩ থেকে ২৪ জন জড়িত ছিল। পলাতক বাকি আসামিদের গ্রেপ্তার এবং অবশিষ্ট মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

সংক্ষেপে:
মুন্সিগঞ্জের গজারিয়ায় ঠিকাদারি প্রতিষ্ঠানে ডাকাতির ঘটনায় ১৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযানে লুণ্ঠিত বিপুল মালামাল ও ডাকাতিতে ব্যবহৃত দুটি ট্রাক জব্দ করা হয়েছে। বিস্তারিত জানুন সংবাদে।
গজারিয়ায় ঠিকাদারি প্রতিষ্ঠানে দুর্ধর্ষ ডাকাতি: ১৯ জন গ্রেপ্তারসহ বিপুল পরিমাণ মালামাল উদ্ধার

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ