মেয়েদের উচ্চশিক্ষার পথ সুগম করতে স্নাতক বা অনার্স পর্যায় পর্যন্ত শিক্ষা অবৈতনিক করার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (৮ জুলাই) বিকেলে ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনের ২১তম দিনে সংসদ সদস্য হেলেন জেরিন খানের এক সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এই পরিকল্পনার কথা জানান।
সংসদ অধিবেশনে প্রধানমন্ত্রী বলেন, বিগত সময়ে বেগম খালেদা জিয়ার নেতৃত্বাধীন সরকার মেয়েদের শিক্ষা উচ্চমাধ্যমিক পর্যন্ত অবৈতনিক করেছিল। বর্তমান বিএনপি সরকার সেই ধারাবাহিকতায় নারী শিক্ষার প্রসারে অনার্স পর্যন্ত ফ্রি করার সিদ্ধান্ত নিয়েছে। একইসঙ্গে মেধাবী ছাত্রীদের জন্য বিশেষ স্কলারশিপের ব্যবস্থা রাখা হবে বলেও তিনি উল্লেখ করেন। নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে সরকার ইতিমধ্যে ফ্যামিলি কার্ড চালু করেছে বলে জানান সরকারপ্রধান।
এদিন মহিলা আসনের সংসদ সদস্য শাম্মী আক্তারের অপর এক প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রী প্রাথমিক শিক্ষার উন্নয়নে নতুন পদক্ষেপের কথা তুলে ধরেন। তিনি জানান, দেশের প্রায় ৬৫ হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১ কোটি ২০ লাখ শিক্ষার্থীর জন্য পর্যায়ক্রমে বিনামূল্যে স্কুল ড্রেস ও ব্যাগ বিতরণের পরিকল্পনা নেওয়া হয়েছে। পর্যায়ক্রমে প্রথম থেকে পঞ্চম শ্রেণির সকল শিক্ষার্থীর কাছে এই সুবিধা পৌঁছে দেওয়ার আশ্বাস দেন তারেক রহমান।
মেয়েদের শিক্ষা অনার্স পর্যন্ত অবৈতনিক করার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এছাড়া প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে স্কুল ড্রেস ও ব্যাগ দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার।



0 মন্তব্যসমূহ