চট্টগ্রামের বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ও চাঁদাবাজির ঘটনাকে অত্যন্ত ভয়াবহ হিসেবে অভিহিত করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান। মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, এসব ঘটনার মাধ্যমে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির নাজুক অবস্থার চূড়ান্ত বহিঃপ্রকাশ ঘটেছে।
বিবৃতিতে মাওলানা গাজী আতাউর রহমান চট্টগ্রামের ঘটনার তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। তিনি উল্লেখ করেন, দেশে বেসরকারি বিনিয়োগ থমকে যাওয়ার অন্যতম প্রধান কারণ হলো নিরাপত্তার অভাব ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার চার মাস পার হতে চললেও পরিস্থিতির কোনো দৃশ্যমান উন্নতি হয়নি বলে তিনি দাবি করেন। বরং একের পর এক সন্ত্রাসী কর্মকাণ্ডের খবর সামনে আসছে।
তিনি আরও বলেন, দেশি-বিদেশি নম্বর থেকে ফোন করে ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধের হুমকি এবং পূর্বঘোষণা দিয়ে হামলা চালানো কোনো সাধারণ রাষ্ট্রে সম্ভব নয়। চট্টগ্রামে ব্যবসায়ীদের কাছে এককালীন ২ কোটি টাকা এবং প্রতি মাসে ১০ লাখ টাকা চাঁদা দাবির বিষয়টি উল্লেখ করে তিনি গভীর উদ্বেগ প্রকাশ করেন।
সরকারের সমালোচনা করে বিবৃতিতে বলা হয়, স্বরাষ্ট্রমন্ত্রী আইনশৃঙ্খলা রক্ষার চেয়ে আইনের ব্যাখ্যা নিয়ে বেশি ব্যস্ত থাকেন। মাওলানা গাজী আতাউর রহমান পরামর্শ দেন যে, সালাহউদ্দিন আহমদকে যদি আইনের ব্যাখ্যা দিতেই হয়, তবে তাকে আইনমন্ত্রী করা হোক এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কোনো যোগ্য ও নিবেদিতপ্রাণ ব্যক্তিকে দায়িত্ব দেওয়া হোক। আইনশৃঙ্খলা পরিস্থিতির এমন অবনতি রাষ্ট্রকে বিশ্বদরবারে ব্যর্থ হিসেবে উপস্থাপন করছে বলে তিনি মন্তব্য করেন।
চট্টগ্রামে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ও কোটি টাকা চাঁদা দাবির ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন ইসলামী আন্দোলনের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান। তিনি আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে কঠোর পদক্ষেপের দাবি জানান।



0 মন্তব্যসমূহ