রাঙামাটির কাপ্তাই লেকে পানির উচ্চতা অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় আজ শনিবার (১৮ জুলাই) বেলা ১১টার পর যেকোনো সময় বাঁধের ১৬টি জলকপাট খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। উজান ও ভাটির পানি ব্যবস্থাপনা এবং সম্ভাব্য বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এই প্রস্তুতি নেওয়া হয়েছে। কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ব্যবস্থাপক (তত্ত্বাবধায়ক প্রকৌশলী) মাহমুদ হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা পর্যন্ত কাপ্তাই লেকের পানির উচ্চতা ছিল ১০৩ দশমিক ৯১ ফুট এমএসএল। লেকের সর্বোচ্চ পানি ধারণক্ষমতা ১০৯ ফুট এমএসএল হলেও সাম্প্রতিক ভারী বর্ষণে ক্যাচমেন্ট এলাকায় পানির প্রবাহ বেড়ে যাওয়ায় লেকের পানি দ্রুত বাড়ছে। এই অবস্থায় আজ শনিবার বেলা ১১টার পর যেকোনো সময় স্পিলওয়ের ১৬টি গেট ৬ ইঞ্চি করে খুলে পানি নিষ্কাশন শুরু করা হতে পারে। প্রাথমিকভাবে এর মাধ্যমে প্রায় ৯ হাজার কিউসেক পানি কর্ণফুলী নদীতে প্রবাহিত হবে।
ব্যবস্থাপক মাহমুদ হাসান জানান, কাপ্তাই লেকের পানির উচ্চতা, উজান থেকে আসা পানির প্রবাহ এবং বৃষ্টিপাতের পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে। পরিস্থিতির পরিবর্তনের ওপর ভিত্তি করে স্পিলওয়ে খোলার সময় পরিবর্তন হতে পারে। এছাড়া পানির প্রবাহ আরও বাড়লে পর্যায়ক্রমে গেট খোলার পরিমাণও বৃদ্ধি করা হবে। তিনি আরও জানান, বর্তমানে বিদ্যুৎকেন্দ্রের পাঁচটি ইউনিট সচল রয়েছে এবং এগুলোর মাধ্যমে বিদ্যুৎ উৎপাদনের পাশাপাশি প্রতি সেকেন্ডে প্রায় ৩২ হাজার কিউসেক পানি নিষ্কাশন করা হচ্ছে। এদিকে, জলকপাট খোলার সম্ভাবনায় কর্ণফুলী নদীর তীরবর্তী নিম্নাঞ্চলের বাসিন্দাদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
রাঙামাটির কাপ্তাই লেকের পানির উচ্চতা বৃদ্ধি পাওয়ায় আজ ১৬টি জলকপাট খোলার প্রস্তুতি নিয়েছে কর্তৃপক্ষ। কর্ণফুলী নদীর তীরবর্তী নিম্নাঞ্চলের বাসিন্দাদের সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।



0 মন্তব্যসমূহ