শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে চলমান আন্দোলনের পেছনে সরকারকে বিব্রত করার উদ্দেশ্যে একটি বিশেষ মহল সক্রিয় রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যারা এই আন্দোলনে অংশ নিচ্ছেন তাদের মধ্যে অনেকেই প্রকৃত শিক্ষার্থী বা পরীক্ষার্থী নন। তারা নিজেদের পরিচয় গোপন রেখে বিভিন্ন ইস্যুতে ঘোলাপানিতে মাছ শিকারের চেষ্টা করছেন।
পরীক্ষা সংক্রান্ত বিষয়ে মন্ত্রী জানান, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে যারা পরীক্ষায় অংশ নিতে পারেননি, তাদের পুনরায় সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। চট্টগ্রাম শিক্ষা বোর্ডের স্থগিত হওয়া পরীক্ষাগুলোর সময়েই এসব শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিতে পারবেন। এছাড়া পদার্থবিজ্ঞান পরীক্ষার প্রশ্নপত্রে ভুলের বিষয়ে তদন্ত করা হবে এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। একই সাথে ভুল হওয়া দুটি প্রশ্নের নম্বর সব পরীক্ষার্থীকে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
শিক্ষামন্ত্রীর একটি মন্তব্য নিয়ে সৃষ্ট ক্ষোভ প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, শিক্ষামন্ত্রী ইতিমধ্যে সংসদে এ বিষয়ে দুঃখপ্রকাশ করেছেন। তাই এটি নিয়ে নতুন করে বলার কিছু নেই। সচিবালয়ে গিয়ে দাবি আদায় বা পরীক্ষা ছাড়া পাসের দাবির মতো প্রবণতাকে তিনি ‘অপসংস্কৃতি’ হিসেবে অভিহিত করেন। তিনি আরও বলেন, সরকার শিক্ষার মান কোনোভাবেই ক্ষুণ্ন হতে দেবে না এবং নকলমুক্ত পরিবেশে পরীক্ষা নিয়ে একটি জ্ঞানসমৃদ্ধ ও প্রতিযোগিতামূলক জাতি গঠন করতে চায়।
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে আন্দোলনের পেছনে সরকারকে বিব্রত করার অপচেষ্টা চলছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। প্রকৃত শিক্ষার্থীদের আড়ালে একটি মহল স্বার্থ হাসিলের চেষ্টা করছে।



0 মন্তব্যসমূহ