চট্টগ্রামের বন্যাকবলিত এলাকার মানুষের পুনর্বাসনে সরকার সব ধরনের সহযোগিতা প্রদান করবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। সোমবার (১৩ জুলাই) দুপুরে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণ ও ত্রাণ বিতরণের সময় তিনি এ ঘোষণা দেন। প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে একে অপরকে দোষারোপ না করে যার যার অবস্থান থেকে দুর্গতদের পাশে দাঁড়ানো জরুরি। সরকারের এখনকার প্রধান লক্ষ্য হলো বন্যাকবলিতদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া এবং দ্রুত খাদ্য ও প্রয়োজনীয় ত্রাণ পৌঁছে দেওয়া।
তিনি আরও জানান, বন্যার পানি নেমে যাওয়ার পর উপজেলা প্রশাসনের মাধ্যমে ক্ষয়ক্ষতির সঠিক তথ্য সংগ্রহ করা হবে এবং সেই অনুযায়ী পুনর্বাসন প্রক্রিয়া শুরু হবে। ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি মেরামত, কৃষিজমি, মাছের ঘের ও গবাদিপশুর ক্ষতি কাটিয়ে উঠতে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে। এছাড়া বিত্তবান ও সামাজিক সংগঠনগুলোকে মানবিক দায়িত্ব পালনে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। বিশেষ করে ক্ষতিগ্রস্তদের আর্থিক স্বস্তি দিতে জুলাই মাসের ঋণের কিস্তি আদায় স্থগিত রাখতে এনজিওগুলোকে অনুরোধ জানানো হয়েছে।
অনুষ্ঠানে চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য জসিম উদ্দিন আহমেদ, জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা, জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলম এবং সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা খোন্দকার মাহমুদুল হাসানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
চট্টগ্রামের সাতকানিয়ায় বন্যাকবলিত এলাকা পরিদর্শনকালে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সরকারের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। বন্যায় ক্ষতিগ্রস্তদের ঋণের কিস্তি স্থগিতের অনুরোধও জানান তিনি।



0 মন্তব্যসমূহ