বগুড়ার মহাস্থানগড় এলাকায় সার্কাসে অযত্ন ও অবহেলায় থাকা ‘বাদশা বাহাদুর’ নামের হাতিটিকে উদ্ধার করে জাতীয় চিড়িয়াখানায় স্থানান্তর করা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশেষ নির্দেশনায় হাতিটির নিরাপত্তা ও সুস্বাস্থ্য নিশ্চিত করতে শনিবার রাতে সেটিকে ঢাকার উদ্দেশ্যে পাঠানো হয়।
দীর্ঘদিন ধরে পর্যাপ্ত খাবার, প্রয়োজনীয় চিকিৎসা ও সঠিক পরিচর্যার অভাবে হাতিটি অসুস্থ হয়ে পড়েছিল। বিষয়টি গণমাধ্যমে উঠে এলে প্রধানমন্ত্রীর নজরে আসে। পরবর্তীতে তিনি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমকে এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রদান করেন। প্রতিমন্ত্রীর তৎপরতায় হাতিটির মালিক আব্দুর শুকুর স্বেচ্ছায় প্রাণীটিকে প্রাণিসম্পদ অধিদপ্তরের জিম্মায় দিতে সম্মত হন। গতকাল রাত সাড়ে ৮টার দিকে মহাস্থান বন্দরে আনুষ্ঠানিকভাবে হাতিটিকে হস্তান্তর করা হয়।
শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিয়াউর রহমান জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনার প্রতি সম্মান জানিয়ে মালিক হাতিটি হস্তান্তর করেছেন। এখন জাতীয় চিড়িয়াখানায় এটির উন্নত চিকিৎসা ও বসবাসের উপযুক্ত পরিবেশ নিশ্চিত করা হবে। রাজশাহী বিভাগীয় বন কর্মকর্তা মতলবুর রহমান জানান, অসুস্থতার কারণে প্রথমে হাতিটিকে সাফারি পার্কে রাখার পরিকল্পনা থাকলেও সরকারের সিদ্ধান্ত অনুযায়ী শেষ পর্যন্ত জাতীয় চিড়িয়াখানায় পাঠানোর প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।
বগুড়ার মহাস্থানে সার্কাসে অমানবিক পরিবেশে থাকা অসুস্থ হাতি বাদশা বাহাদুরকে উদ্ধার করা হয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশে উন্নত চিকিৎসা ও সুরক্ষার জন্য হাতিটিকে ঢাকার জাতীয় চিড়িয়াখানায় পাঠানো হয়েছে।



0 মন্তব্যসমূহ