রাঙামাটি শহরের কাপ্তাই হ্রদ থেকে মুক্তা বড়ুয়া (২৮) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। আজ রোববার সকাল সাড়ে ৯টার দিকে শহরের শহীদ মিনার সংলগ্ন রিজার্ভ মুখ এলাকা থেকে ভাসমান অবস্থায় তাঁর লাশটি উদ্ধার করা হয়। মৃত মুক্তা বড়ুয়া চট্টগ্রামের রাউজান উপজেলার মৃত স্বপন বড়ুয়ার মেয়ে। তিনি স্বামী অভিজিৎ বড়ুয়ার সঙ্গে রাঙামাটির তবলছড়ির বিজিবি রোড এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করতেন।
পারিবারিক সূত্রের বরাত দিয়ে পুলিশ জানায়, মুক্তা বড়ুয়া মানসিকভাবে ভারসাম্যহীন ছিলেন। গত শুক্রবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে স্বামী ঘুমিয়ে থাকা অবস্থায় তিনি বাসা থেকে বের হয়ে যান। এরপর থেকে তাঁর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। এ ঘটনায় গতকাল শনিবার কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছিল পরিবার। আজ সকালে স্থানীয় বাসিন্দারা হ্রদে লাশ ভাসতে দেখে ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে মরদেহটি উদ্ধার করে।
রাঙামাটি ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক নিউটন দাস জানান, হ্রদ থেকে লাশটি উদ্ধারের পর কোতোয়ালি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। পুলিশ জানিয়েছে, উদ্ধারের সময় ওই নারীর শরীরে কোনো পোশাক ছিল না এবং প্রাথমিক সুরতহালে শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। রাঙামাটি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জসীম উদ্দীন জানান, মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে মরদেহটি ময়নাতদন্তের জন্য রাঙামাটি জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর বিস্তারিত জানা যাবে।
রাঙামাটির কাপ্তাই হ্রদ থেকে নিখোঁজ গৃহবধূ মুক্তা বড়ুয়ার মরদেহ উদ্ধার করা হয়েছে। গত শুক্রবার থেকে নিখোঁজ থাকা এই নারীর লাশ আজ সকালে ভাসমান অবস্থায় উদ্ধার করে ফায়ার সার্ভিস। মৃত্যুর রহস্য উদঘাটনে তদন্ত করছে পুলিশ।



0 মন্তব্যসমূহ