প্রধানমন্ত্রী তারেক রহমান চীনের বেইজিংয়ে অবস্থিত চীনা কমিউনিস্ট পার্টির (সিপিসি) ঐতিহাসিক ও ঐতিহ্যবাহী জাদুঘর পরিদর্শন করেছেন। আজ শুক্রবার (২৬ জুন) সকালে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় বৈঠক শেষে তিনি এই জাদুঘরে যান। জাদুঘরে পৌঁছালে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা জানান কিউরেটর। প্রধানমন্ত্রী তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান ও সফরসঙ্গীদের নিয়ে জাদুঘরের বিভিন্ন গ্যালারি ঘুরে দেখেন। সেখানে তিনি একটি বিশেষ ইমার্সিভ অডিও-ভিজ্যুয়াল কোস্টার শো উপভোগ করেন এবং পরিদর্শন শেষে ভিজিটরস বুকে স্বাক্ষর করেন। দুপুর ১২টা ৪০ মিনিটে তিনি জাদুঘর প্রাঙ্গণ ত্যাগ করে দিয়াওইউতাই স্টেট গেস্টহাউসে ফিরে যান। এর আগে সকালে প্রধানমন্ত্রী বেইজিংয়ের তিয়েনআনমেন স্কয়ারে চীনের বীরদের স্মরণে নির্মিত স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান। এরপর গ্রেট হল অব দ্য পিপলে চীনের ন্যাশনাল পিপলস কংগ্রেসের স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ঝাউ লেজির সাথে তাঁর সৌজন্য সাক্ষাৎ হয়। এই সাক্ষাতের পরই প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়। চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের আমন্ত্রণে চার দিনের এই সরকারি সফরে বর্তমানে বেইজিংয়ে অবস্থান করছেন প্রধানমন্ত্রী। গত ২১ জুন মালয়েশিয়া সফরের মাধ্যমে তাঁর প্রথম বিদেশ সফর শুরু হয়। এরপর চীনের দালিয়ানে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের ‘সামার দাভোস ২০২৬’-এ অংশ নিয়ে গত বুধবার তিনি বেইজিং পৌঁছান। সফরের তৃতীয় দিন বৃহস্পতিবার চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সাথে দ্বিপক্ষীয় বৈঠকে বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই হয়। আজ শুক্রবার স্থানীয় সময় বিকেল ৫টায় প্রধানমন্ত্রীর ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে।
চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে বৈঠকের পর বেইজিংয়ে সিপিসি জাদুঘর পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। চার দিনের রাষ্ট্রীয় সফর ও ১৩টি সমঝোতা স্মারক সই শেষে আজই তাঁর দেশে ফেরার কথা রয়েছে।



0 মন্তব্যসমূহ