Recents in Beach

ব্রেকিং নিউজ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নাট্যকলা বিভাগের উদ্যোগে ২৯ জুন থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী জিয়া হায়দার নাট্যমেলা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নাট্যকলা বিভাগের উদ্যোগে ২৯ জুন থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী জিয়া হায়দার নাট্যমেলা

চট্টগ্রাম শিল্পকলা একাডেমিতে আগামী ২৯ জুন থেকে শুরু হতে যাচ্ছে তিন দিনব্যাপী সাংস্কৃতিক উৎসব ‘আগামীর মঞ্চ: জিয়া হায়দার নাট্যমেলা ২০২৬’। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের আয়োজনে এই মেলা চলবে ১ জুলাই পর্যন্ত। প্রতিদিন বিকেল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত নাটক, পুতুলনাচ, তথ্যচিত্র এবং নাটকের সরঞ্জাম প্রদর্শনীর মাধ্যমে মুখরিত থাকবে একাডেমি প্রাঙ্গণ। প্রখ্যাত নাট্যকার ও শিক্ষক জিয়া হায়দারের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এই উৎসবের নামকরণ করা হয়েছে।

উৎসবের প্রথম দিন ২৯ জুন বিকেল ৫টায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক মোহাম্মদ আল-আমিন। অনুষ্ঠানটি উদ্বোধন করবেন সহ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. শফিকুল ইসলাম। উদ্বোধনের পর সন্ধ্যা ৬টায় মঞ্চস্থ হবে জিয়া হায়দার রচিত নাটক ‘উন্মাদ সাক্ষাৎকার’। এর নির্দেশনায় রয়েছেন বিলকিস জাহান ইয়াসমিন, সাদিয়া আফরিন, ইন্দ্রজিৎ শীল, শাহরিয়ার শাকিল ও রিয়াদূস সালেহিন। রাত ৮টায় সাঈদ আহমদের ‘তৃষ্ণায়’ নাটকটি মঞ্চস্থ হবে, যার নির্দেশনায় আছেন মেহেদী নূর, উজ্জয়নী রায়, গোলাম মাহমুদ, মাহমুদুল হাসান ও মেহেদী হাসান শ্যামল।

দ্বিতীয় দিন ৩০ জুন সন্ধ্যা ৬টায় প্রদর্শিত হবে জিয়া হায়দারের ‘শুভ্র সুন্দর কল্যাণী আনন্দ’। এটি পরিচালনা করেছেন রাশিফ বিন ফাহিম, লক্ষ্মী চাকমা, মাসুমা আক্তার মীম, আফিয়া তাহমিন জেরিন, ফাইরুজ সাদেক ও মেহেদী হাসান সাদী। রাত ৮টায় মঞ্চস্থ হবে ‘আকাশ কেন ডাকে’, যার নির্দেশনায় রয়েছেন সাইমা সাদিয়া, সাইকা শরীফ, রাফিদ বসুনিয়া, এস এম শফিক, তাসরিব আহমেদ ও রিফাহ তাসনিয়া অহনা।

সমাপনী দিন ১ জুলাই সন্ধ্যা ৬টায় আন্তন চেখভের ‘দ্য বিয়ার’ এবং রাত ৮টায় নিকোলাই এরডম্যানের ‘দ্য সুইসাইড’ নাটক দুটি মঞ্চস্থ হবে। প্রথমটির নির্দেশনায় রয়েছেন সাদিয়া শাহনেওয়াজ, খন্দকার মমতাহান, মাহমুদুল হাসান, আব্দুল হামিদ মির্জা ও আন্তাজ আলী। দ্বিতীয়টির নির্দেশনায় আছেন সালোয়া তাবাসসুম, আফিয়া ইবনাত ওয়াফা, মানতাশা শাহরিন মিম, নয়ন মিয়া ও ইসমাইল হোসেন। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ আল ফোরকান এবং বিশেষ অতিথি থাকবেন ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ইস্রাফিল শাহীন।

নাট্যমেলার আহ্বায়ক ও সহযোগী অধ্যাপক অসীম দাশ জানান, নাট্যচর্চায় নতুন ক্ষেত্র তৈরি ও সৃজনশীল বিনিময়ের লক্ষ্যেই এই আয়োজন। বিভাগীয় সভাপতি ফাহমিদা সুলতানা বলেন, এই মেলা বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক চর্চাকে আরও গতিশীল করবে এবং নতুন সম্ভাবনার পথ তৈরি করবে।

সংক্ষেপে:
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নাট্যকলা বিভাগের আয়োজনে ২৯ জুন থেকে শিল্পকলা একাডেমিতে শুরু হচ্ছে তিন দিনব্যাপী জিয়া হায়দার নাট্যমেলা। নাটক, প্রদর্শনী ও সাংস্কৃতিক আড্ডায় মেতে উঠবে বন্দরনগরী।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নাট্যকলা বিভাগের উদ্যোগে ২৯ জুন থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী জিয়া হায়দার নাট্যমেলা

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ