আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের অপপ্রচার এবং শিষ্টাচারবহির্ভূত রাজনীতির প্রতিবাদে ময়মনসিংহের ভালুকায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে স্থানীয় বিএনপি এবং এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার দিনব্যাপী উপজেলার বিভিন্ন স্থানে পৃথক এসব কর্মসূচি পালন করা হয়।
সকালে উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের সিডস্টোর বাজার এলাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এতে নেতৃত্ব দেন হবিরবাড়ী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম খান বাসান। তিনি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে যেকোনো ধরনের নৈরাজ্যকর কর্মকাণ্ড মোকাবিলা করার আহ্বান জানান।
একই দিন বিকেলে উপজেলা যুবদলের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক রকিবুল হাসান রাসেলের নেতৃত্বে মিছিলটি ভালুকা সরকারি কলেজ এলাকা থেকে শুরু হয়ে পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে বাসস্ট্যান্ড এলাকায় বিএনপির কার্যালয়ের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হন নেতাকর্মীরা। সমাবেশে বক্তব্য দেন উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক রকিবুল হাসান রাসেল, জেলা যুবদল নেতা আতিক উল্লাহ পাঠান, যুবদল নেতা কামরুজ্জামান তুহীন, আজহারুল ইসলাম সাগর, রুহুল আমিন ও রাজু প্রমুখ।
বক্তারা বলেন, দেশের রাজনৈতিক স্থিতিশীলতা বিনষ্টের যেকোনো অপচেষ্টা রুখে দিতে যুবদল রাজপথে তৎপর রয়েছে। উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক রকিবুল হাসান রাসেল বলেন, জাতীয়তাবাদী শক্তির নেতৃত্বে দেশের স্থিতিশীলতা, উন্নয়ন ও গণতান্ত্রিক পরিবেশ রক্ষায় যুবদল কাজ করে যাবে।
অপরদিকে, একই দিনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে পৃথক বিক্ষোভ মিছিল করেছে ভালুকা উপজেলা ছাত্রদল। উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ইঞ্জিনিয়ার রিয়াদ পাঠানের নেতৃত্বে এই কর্মসূচি পালিত হয়। সমাবেশ শেষে নেতাকর্মীরা শান্তি, স্থিতিশীলতা ও সংগঠনের কার্যক্রম আরও শক্তিশালী করার অঙ্গীকার ব্যক্ত করেন।
ময়মনসিংহের ভালুকায় আওয়ামী লীগের অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি, যুবদল ও ছাত্রদল। রাজনৈতিক স্থিতিশীলতা রক্ষায় রাজপথে থাকার ঘোষণা দিয়েছেন স্থানীয় নেতারা।



0 মন্তব্যসমূহ